ত্রাণ বিলিতে আবারও বাধা বিজেপি কর্মীদের, ঘটনায় গুরুতর আহত এক কর্মী

লকডাউনের মধ্যে ত্রাণ বিলিকে কেন্দ্র করে এর আগেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনেন বিজেপি নেতারা। এবার আবারও রাজারহাট-এর নারায়নপুরের লালকুঠি এলাকায় বিজেপি নেতা সব্যসাচী দত্তের অনুগামী রাজু পালের সঙ্গে ত্রাণ বিলি করার ‘অপরাধে’ এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হল। এই ঘটনার অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী এক তৃণমূল নেতার বিরুদ্ধে।

সোমবার সকাল দশটা নাগাদ নারায়ণপুর পূর্বাচলের বাড়ি থেকে অভিজিৎ গিরি বাইকে চড়ে বিজেপির মণ্ডল সভাপতি রাজু পালের বাড়িতে আসছিলেন। তাঁর বাড়ি নিরঞ্জন পল্লীতে। অভিযোগ, লালকুটি এলাকায় অভিজিৎ বাবুর বাইক থামিয়ে বাইকের উপর বসে থাকা অবস্থাতেই তাঁকে বেধড়ক মারধর করা হয়। এরপর গুরুতর আহত অভিজিৎ গিরিকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাঁর শরীরে চোটের মাত্রা বেশ ভালোই। প্রবল মারধরের ফলে তাঁর পায়ে, ঘাড়ে বুকে ও পিঠে আঘাত লাগে এবং দু’হাতই ভেঙে যায়। তৃণমূলের আশ্রিত গুণ্ডারাই তাঁকে মারধর করেছে বলে তিনি দাবি করেন। এলাকার প্রভাবশালী এক তৃণমূল নেতার লোকজন বলেই এলাকায় পরিচিত তারা।

বিজেপি নেতা রাজু পাল বলেন, “অভিজিৎ সকালে আমার বাড়িতে আসছিলেন আমরা একসাথে ত্রাণ বিলি করতে যাবো বলে। গরিব মানুষদের হাতে একটু চাল, ডাল, আলু তুলে দেওয়ার কথা ছিল আমাদের। কিন্তু তার আসার পথেই ওঁৎ পেতে ছিল তৃণমূলের দুষ্কৃতীরা। বাইক থামিয়ে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে রড, উইকেট নিয়ে ওরা চড়াও হয়। ঘটনায় অভিজিতের হাত ভেঙে গেছে। পায়ে, বুকে ও পিঠে চোট লেগেছে। সব্যসাচী দত্তের নামে, আমার নামে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে, বিজেপির নামে ত্রাণ দেওয়ার জন্যই এই আক্রোশ। যারা মেরেছে তারা তৃণমূলের ছেলে।” এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

RELATED Articles

Leave a Comment