চলতি লকডাউনের মধ্যেই বুধবার থেকে কলকাতায় শুরু হচ্ছে বাস ও অ্যাপ ক্যাব পরিষেবা

এবার চলতি লকডাউনের মধ্যেই শুরু হতে চলেছে গণ পরিবহন পরিষেবা। বুধবার থেকে কলকাতায় শুরু হচ্ছে শর্তাধীন সরকারি বাস ও অ্যাপ ক্যাব পরিষেবা। তবে ‘কনটেনমেন্ট জোন’-এর ক্ষেত্রে এই পরিষেবা প্রযোজ্য হবে না, এমনটাই খবর পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ১৫ টি রুটে বাস চলবে। তার মধ্যে হাওড়া-নিউটাউন (এস ১২), হাওড়া-ঠাকুরপুকুর (এস ১২ ডি), হাওড়া-কামালগাজি (এস ২৪), হাওড়া-গড়িয়া (এস ৭ এবং এস ৫), হাওড়া-বারুইপুর (সি ২৬), বারাসত-গড়িয়া (এস ৩৭), ডানলপ-বালিগঞ্জ (এস ৯এ), জোকা-বারাসত (সি৮), উল্টোডাঙা-সল্টলেক (এস টি ৭), এসপ্ল্যানেড-আমতলা (সি ৩৭), যাদবপুর-করুণাময়ী (এস ৯) এবং করুণাময়ী (টালিগঞ্জ)-নিউটাউন (এস টি ৬) রুটে বাসগুলি চলাচল করবে।

বাসের পরিষেবা চালু হলেও সবাই বাসে যেতে পারবেন না। করোনা মোকাবিলায় যুক্ত মানুষ এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই বাসে যেতে পারবেন। এছাড়াও রোগী, যাঁরা কেমোথেরাপি বা ডায়ালিসিস করতে যাচ্ছেন, তাঁরা বাসে উঠতে পারবেন। তবে একটি বাসে সর্বাধিক ২০ জনকেই তোলা যাবে বলে নির্দেশ দিয়েছে পরিবহন দফতর।

একইসঙ্গে কলকাতা, বিধাননগর, ব্যারাকপুর এবং হাওড়া সিটি পুলিশের এলাকায় অ্যাপ ক্যাব পরিষেবা শুরু হচ্ছে। চালক ছাড়া অ্যাপ ক্যাবে আরও দু’জন যাত্রী বসতে পারবেন। তাঁদের পিছনের আসনে বসতে হবে। চালকের পাশের আসন ফাঁকা থাকবে। যাত্রীদের ক্ষেত্রে ই-পাস থাকা বাধ্যতামূলক। সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রও রাখতে হবে। অন্যদিকে, ক্যাবে হ্যান্ড স্যানিটাইজার রাখার নির্দেশ দিয়েছে সরকার।

RELATED Articles

Leave a Comment