কাশ্মীর নিয়ে বিতর্কিত বক্তব্যের জন্য কুখ্যাত পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার। সম্প্রতি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সেনাবাহিনী নিয়ে ভারতে আক্রমণ করতে বললেন।
করোনা প্রাদুর্ভাবের মধ্যে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) নিকটবর্তী গ্রামগুলি পরিদর্শন করার পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এহেন প্রতিক্রিয়া জানান। যদিও এই বক্তব্যের আগেই পাকিস্তানি সেনাবাহিনী এলওসির নিকটবর্তী এই গ্রামগুলির ভিতরে বাংকার তৈরি করে ফেলেছে এবং ভারতীয় বাহিনীর সাথে নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘনে লিপ্ত করে চলেছে।
রাজা ফারুক বলেছেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খানকে এখনই প্রতিক্রিয়া দেখাতে হবে এবং কড়া পদক্ষেপ নিতে হবে। কেবল মৌখিক বক্তব্য কার্যকর হবে না। আপনাকে অবশ্যই এগিয়ে যেতে হবে এবং আপনার বাহিনীকে ভারতে আক্রমণ করার নির্দেশ দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আপনার ভাই-বোনদের রক্ষা করা আপনার দায়িত্ব। ভারত এখন পাক-অধিকৃত কাশ্মীরের আবহাওয়ার প্রতিবেদন দিচ্ছে, আমাদের উচিত দিল্লির আপডেট দেওয়া।’ কয়েক মাস আগে রাজা ফারুক বলেছিলেন যে জম্মু ও কাশ্মীরে সশস্ত্র সংগ্রাম (সন্ত্রাসবাদী কার্যকলাপ) অব্যাহত রাখতে হবে। মিরপুরে ন্যাশনাল প্রেস ক্লাবে “কাশ্মীর সেন্টার” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এখন পাকিস্তান সরকারের বর্তমান যা কৌশল তাতে কাশ্মীর পরবর্তী ৭০০ বছরেও স্বাধীনতা পাবে না।
প্রসঙ্গত, ৫ই মে থেকে ভারতীয় আবহাওয়া দফতরের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রটি তাদের আবহাওয়ার পূর্বাভাসে পাক অধিকৃত কাশ্মীর এবং গিলগিত বাল্টিস্তানের অঞ্চলগুলি অন্তর্ভুক্ত শুরু করেছিল।
নয়াদিল্লি সর্বদা এই অবস্থান বজায় রেখেছে যে গিলগিত বাল্টিস্তান সহ কাশ্মীর দখল করে রেখেছে পাকিস্তান, যা ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ, এতেই পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন বলে মনে করা হচ্ছে।





