West Bengal : SSC কাণ্ডে ফের চাঞ্চল্য! ৭২৯৩ অযোগ্য প্রার্থীর পুরো তালিকা প্রকাশে হাইকোর্টের কড়া নির্দেশ!এবার কি আরও বড় দুর্নীতির পর্দা ফাঁস হতে চলেছে?

রাজ্যের চাকরিপ্রার্থীদের মধ্যে ফের উত্তেজনা। এসএসসি (SSC) নিয়োগ মামলায় দিনের পর দিন নতুন মোড় ঘুরছে, আর তার ফলেই অনিশ্চয়তায় হাজার হাজার পরিবার। বিভিন্ন নিয়োগ দুর্নীতির অভিযোগে বহুবার আদালত হস্তক্ষেপ করেছে। তবে এবার মামলার মোড় এমন জায়গায় পৌঁছেছে, যেখানে আরও বড় তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে ফের চাপে পড়ল কমিশন।

নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতেই হাইকোর্টে প্রশ্ন ওঠে, কীভাবে অযোগ্য প্রার্থীরা আবার পরীক্ষা দিতে বসলেন। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই প্রসঙ্গ তোলেন আইনজীবীরা। আদালতের পর্যবেক্ষণ ছিল— ইতিমধ্যেই একাধিকবার সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট এসএসসিকে ‘দাগি’ প্রার্থীদের তালিকা প্রকাশ করতে বলেছে। তবু বিতর্ক থামছে না। সম্প্রতি কমিশনের প্রকাশ করা তালিকাও বিচারপতির নজরে আসে।

আগেই এসএসসি ৩,৫১২ জন গ্রুপ সি–গ্রুপ ডি কর্মীর তালিকা প্রকাশ করেছিল। পাশাপাশি, ১,৮০৬ জন নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির ‘দাগি’ শিক্ষক–শিক্ষিকার নাম-ঠিকানা-রোল নম্বর-অভিভাবকের নামসহ সমস্ত তথ্য প্রকাশ করা হয় ২৭ নভেম্বর। এই সকলেই চাকরিরত ছিলেন বলে কমিশন জানায়। তবে আদালতের প্রশ্ন— যখন এসএসসিই শীর্ষ আদালতকে জানিয়েছিল অযোগ্য প্রার্থীর সংখ্যা ৭,২৯৩, তখন বাকি নামগুলি প্রকাশ করা হল না কেন?

এই অসঙ্গতি নিয়েই সরাসরি অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সিনহা। তাঁর নির্দেশ— বুধবারের মধ্যে ৭,২৯৩ জন অযোগ্য প্রার্থীর পুরো তালিকা প্রকাশ করতে হবে, যেখানে থাকবে আউট অফ প্যানেল, র‌্যাঙ্ক জাম্প এবং OMR মিসম্যাচ–সহ প্রতিটি তথ্য। শুধু তাই নয়, কোর্ট আরও জানায়— প্যানেল প্রকাশের পর যাঁরা নিয়োগ পেয়েছেন, তাঁদের তালিকাও আগামী শুনানিতে জমা দিতে হবে। আদালতের ভাষায়, “নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হওয়াই প্রধান।”

আরও পড়ুনঃ Pakistan : ইমরান খান ইস্যুতে উত্তপ্ত পাকিস্তান, খাইবার পাখতুনখাওয়ায় রাজ্যপাল শাসন চালুর পথে শেহবাজ!

৭,২৯৩ জনের মধ্যে অনেকেই চাকরি করতেন না, তবু তাঁরা ‘দাগি’ তালিকায় রয়েছেন বলে আদালতে জমা দেওয়া নথিতে উল্লেখ রয়েছে। তাই এবার তাঁদের যাবতীয় তথ্যও প্রকাশ্যে আনতে হবে। এর ফলে আগামী দিনে আরও বড় বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে বলে মত আইনজগতের অনেকের। এখন নজর বুধবারের দিকে— কমিশন কতটা সময়মতো, পুরোপুরি ও স্বচ্ছভাবে এই বিশাল তালিকা প্রকাশ করতে পারে, তাই দেখার।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর