বাংলাদেশের রাজনীতিতে বড় টানাপোড়েনের মধ্যেই হঠাৎ চরম মন্তব্য ঘিরে চাঞ্চল্য। দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে দুর্বল হলেও এবার পরিস্থিতি যে অন্য মাত্রায় পৌঁছেছে, তা বুঝে আরও চিন্তায় সাধারণ মানুষ। ঢাকার হাসপাতালের সামনে ভিড় বেড়েছে, বাড়ছে উদ্বেগও। ঠিক এই সময়েই আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে উঠে এলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
রাজনৈতিক অস্থিরতার আবহে গত রবিবার গভীর রাতে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার ও ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তাঁর শারীরিক পরিস্থিতির আগের তুলনায় দ্রুত অবনতি হয়েছে। মাঝে মধ্যেই অসুস্থ হওয়া তাঁর কাছে নতুন নয়, কিন্তু এবার পরিস্থিতি যে অন্যরকম, তা পরিষ্কার জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, একাধিক অঙ্গপ্রত্যঙ্গ দুর্বল হয়ে পড়ায় তাঁকে লাইফ সাপোর্টে রাখতে হয়েছে।
ঠিক তখনই পরিস্থিতিকে ঘিরে নড়েচড়ে বসে ভারতও। সোমবার রাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে বাংলায় একটি পোস্ট করেন। তিনি লেখেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জেনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের জনজীবন ও রাজনীতিতে তাঁর অবদান উল্লেখ করে মোদী জানান, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন—এই প্রার্থনাই তাঁর। পাশাপাশি উল্লেখ করেন, প্রয়োজনে ভারত সমস্ত প্রকার সাহায্যের জন্য প্রস্তুত। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এই বার্তাটি কেবল সৌজন্য নয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
এর কারণও রয়েছে। জুলাই মাসের গণঅভ্যুত্থানের অন্যতম মুখ ছিল খালেদা জিয়ার দল বিএনপি। সেই জনবিক্ষোভেই ক্ষমতাচ্যুত হয়েছিল আওয়ামী লিগ সরকার। দেশছাড়তে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও তিনি ভারতে রয়েছেন বলে জানা যাচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কও স্বাভাবিক নেই। ফলে এই সময়ে ভারতীয় প্রধানমন্ত্রীর সৌজন্য বার্তা ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ West Bengal : SSC কাণ্ডে ফের চাঞ্চল্য! ৭২৯৩ অযোগ্য প্রার্থীর পুরো তালিকা প্রকাশে হাইকোর্টের কড়া নির্দেশ!এবার কি আরও বড় দুর্নীতির পর্দা ফাঁস হতে চলেছে?
সামাজিক ও রাজনৈতিক মহলের মতে, একদিকে প্রবল রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে দেশের অন্যতম শক্তিশালী নেত্রীর সংকটজনক শারীরিক অবস্থা—এই দুই মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি আরও জটিল পর্যায়ে দাঁড়িয়েছে। আপাতত চিকিৎসকদের নজরদারিতেই রয়েছেন খালেদা জিয়া। তাঁর সুস্থতার প্রার্থনা করছেন দেশ-বিদেশের অনেকে। তবে ঠিক কোন দিকে মোড় নেবে ঢাকার রাজনৈতিক সমীকরণ—তা এখনই বোঝা যাচ্ছে না। সব নজর আপাতত হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিটেই।






