ভয়ঙ্কর দুর্ঘটনা! রাতের অন্ধকারে শতরূপ ঘোষের গাড়িতে সজোরে ধাক্কা অন্য গাড়ির, বরাত জোরে বড় বিপদ থেকে রক্ষা পেলেন বামনেতা

বড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। গতকাল, শুক্রবার রাত ১০টা নাগাদ আলিপুর রোডের সিগন্যালে (signal) দাঁড়িয়েছিল শতরূপের গাড়িটি। সেই সময় আচমকাই অন্য একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে তাঁর গাড়িতে। এর জেরে বেশ ক্ষতিগ্রস্ত হয় তাঁর গাড়িটি।

জানা গিয়েছে, সেই ঘটনার সময় শতরূপ নিজে গাড়িতে ছিলেন না। গাড়ির ভিতরে ছিলেন তাঁর স্ত্রী ও পরিবারের এক সদস্য। অভিযোগ, টার্নিং পয়েন্টে শতরূপের গাড়িতে ধাক্কা মারে একটি গাড়ি। গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গাড়ির ভিতরে থাকা সকলে সুরক্ষিত ছিলেন বলে খবর। এই ঘটনার পর অপর গাড়ির যাত্রীরা দুর্ব্যবহার করে বলেও অভিযোগ। এদিন রাতেই আলিপুর থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেন শতরূপ ও তাঁর স্ত্রী।

শতরূপ ঘোষের অভিযোগ, যে গাড়িটি তাঁর গাড়িতে ধাক্কা মেরেছে, সেটি আইপিএস ওয়েলফেয়ার সোসাইটি অব ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। বামনেতার অভিযোগ, ধাক্কা মারার পর ওই গাড়ির চালক শতরূপের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করে করে।

এই ঘটনার পরই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শতরূপ ও তাঁর স্ত্রী। শতরূপের কথায়, রাস্তায় চলতে গিয়ে এমন ঘটনা ঘটতেই পারে। ভুল হয়ে যায় অনেক চালকেরই। কিন্তু আইপিএসদের গাড়ি বলেই কী এমন দুর্ব্যবহার করা হল? প্রশ্ন তুলেছেন শতরূপ।

শতরূপ এও বলেন যে মুখ্যমন্ত্রীর গাড়িতে সামান্য ধাক্কা লাগলেও ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করা হয়। তবে তিনি এই ঘটনার জন্য তেমন কোনও দাবী করছেন না। তিনি এও বলছেন না যে তাঁকে খুন করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আইপিএসের গাড়ি বলে সাধারণ মানুষকে কেন এতটা হেনস্থা করা হবে, সে নিয়ে প্রশ্ন তোলেন বামনেতা।

পুলিশেও শতরূপ দাবী জানিয়েছেন যাতে আইপিএস বলে কোনও আলাদা ব্যবস্থা না নেওয়া হয়। আইন মেনেই যেন পুলিশ কাজ করে। শতরূপের গাড়িতে চালক-সহ তিনজন ছিলেন। কারোর তেমন আঘাত লাগে নি বলেই জানা গিয়েছে। তবে বড়সড় কোনও দুর্ঘটনা যে ঘটতে পারত, তেমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বামনেতা।

RELATED Articles