নিজের অবস্থান থেকে অবশেষে কিছুটা পিছু হঠেছে সিইএসসি (CESC)। আপাতত শুধুমাত্র জুন মাসের বিল দিতে হবে বলে জানিয়েছে সংস্থা। আর এই নতিস্বীকার কেবলমাত্র গ্রাহকদের ক্ষোভ-আন্দোলন ও রাজ্যের কড়া অবস্থানের কারণে, এমনটাই দাবি করলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhandeb Chattopadhyay)।
রবিবার সিইএসসির (CESC) তরফে জানানো হয়, আপাতত এপ্রিল এবং মে মাসের বিল স্থগিত রাখা হচ্ছে। শুধুমাত্র জুন মাসের বিল দিতে হবে। তবে এই স্থগিতাদেশ কতদিনের জন্য তা বলা হয়নি।
এরপরে টুইটারে একটি ভিডিও বার্তায় বিদ্যুৎমন্ত্রী বলেন, “আমি সিইএসসির ওপর রীতিমত চাপ সৃষ্টি করেছিলাম এবং ওদের কোনও যুক্তিতেই আমি সন্তুষ্ট হইনি। আমি সেই জন্য ওদের সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে বলি কিন্তু ওদের বিজ্ঞাপনী ব্যাখ্যায় কোনরকম সঠিক কারণ না থাকায় শনিবার আমি মিটিং ডেকেছিলাম। ওনারা রাজ্য ও সাধারণ মানুষের প্রচণ্ড চাপের কাছে নতি স্বীকার করে এবং আপাতত এপ্রিল ও মে মাসের বিল নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। নিশ্চিতভাবে এটা সাধারণ মানুষের জন্য খুশির খবর।”
https://twitter.com/SobhandebChatt1/status/1284888658856808448
যদিও সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু অস্বাভাবিক চড়া যে বিল গ্রাহকদের পাঠানো হয়েছে তা মকুব বা কমানোর বিষয়ে কিছু বলা হয়নি। গ্রাহকদের বক্তব্য, যা বিল তার দু’তিন গুণ বেশি অঙ্কের বিল পাঠিয়ে শুধু বলা হচ্ছে, বিল স্থগিত রাখা হচ্ছে।
এটা ভুল শোধরানো হলো না, ক্ষোভের আগুনে সাময়িকভাবে জল ঢেলে বন্ধ রাখা হল। যদিও সিইএসসির (CESC) তরফে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।





