আইসিইউ-তে ভর্তি বালু! হাসপাতালে ভর্তি মা-সন্তানকে দেখতে পারছেন না রোগীর পরিজনরা, বিক্ষোভ হাসপাতালে

গতকাল, শুক্রবার বিকেলের পর থেকেই যেন বেসরকারি হাসপাতালের নিয়মকানুন সব কেমন বদলে গিয়েছে। আইসিইউ-তে ভর্তি থাকা রোগীর পরিজনদের আইসিইউ-র বাইরেও অপেক্ষা করতে দেওয়া হচ্ছে না। কারণ সেই আইসিউ-তে ভর্তি রয়েছেন রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

শনিবার সকাল থেকেই হয়রানির শিকার হতে হচ্ছে রোগীর পরিজনদের। আইসিইউ-র ওয়েটিং রুমে অপেক্ষা করলেই তাদের বলা হচ্ছে ‘ওদিকে যান, ওদিকে যান’। এমন ঘটনায় হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রোগীর পরিজনরা। সেই নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। তৈরি হয় চরম বিশৃঙ্খলা।

আইসিইউ-তে কারোর সন্তান ভর্তি রয়েছে, তো কারোর মা। কিন্তু শুক্রবার বিকেলের পর থেকে সেই আইসিইউ-র বাইরে কাউকে অপেক্ষা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রোগীর পরিজনদের। আইসিইউ-তে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ভর্তি রয়েছে বলে এমন ব্যবস্থা। রোগীর পরিজনদের অভিযোগ, কোটি কোটি টাকা দুর্নীতি করা মন্ত্রীর কারণে সাধারণ মানুষকে কেন এমন হয়রানির শিকার হতে হবে! এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

প্রসঙ্গত, রেশন দুর্নীতি গতকাল, বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এদিন শুনানির মাঝেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বমি করেন, জ্ঞান হারান। তাঁকে সামলাতে ছুটে যান মন্ত্রীর মেয়ে। এরপর আদালতের নির্দেশেই এদিন জ্যোতিপ্রিয়কে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর থেকেই সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এই ঘটনা এই প্রথম নয়। এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরও এমন অভিযোগ সামনে এসেছিল। ইএসআই হাসপাতালে যখন তাঁর স্বাস্থ্য পরীক্ষা চলছিল, সেই সময়ও রোগীদের পরিজনেরা এই একই অভিযোগ তুলেছিলেন। আর এবারও শনিবার সকালে এমনই অভিযোগ উঠল কলকাতার হাসপাতাল থেকে।  

আরও অন্যান্য খবর