ফের র‍্যাগিং কলকাতার কলেজে! পোশাক নিয়ে র‍্যাগিংয়ের অভিযোগ কলেজের সিনিয়রের বিরুদ্ধে, মামলা রুজু করল পুলিশ

ফের একবার র‍্যাগিংয়ের অভিযোগ এল কলকাতার এক কলেজ থেকে। এবার স্থান এন্টালির সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজে। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ওই কলেজেরই এক অধ্যক্ষ কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ জানান এন্টালি থানায়।

কী ঘটেছে ঘটনাটি?

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন আগে সংশ্লিষ্ট ওই কলেজের প্রথম বর্ষের এক ছাত্রের পোশাক নিয়ে শুরু হয় গণ্ডগোল। অভিযোগ, প্রথম বর্ষের ওই ছাত্রের পোশাক নিয়ে তাঁকে হেনস্থা করে তৃতীয় বর্ষের এক ছাত্র। সম্প্রতি, প্রথম বর্ষের ওই ছাত্র কলেজের অধ্যক্ষের কাছে এই নিয়ে র‍্যাগিংয়ের অভিযোগ জানায়।

এরপরই তৎপর হয় কর্তৃপক্ষ। ছাত্রের সেই অভিযোগের ভিত্তিতে কলেজের অভ্যন্তরীণ র‍্যাগিং বিরোধী কমিটি এই ঘটনার অনুসন্ধান করে। এরপরই গত বৃহস্পতিবার পুলিশে অভিযোগ জানান কলেজের অধ্যক্ষ। তবে শনিবার নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে ওই তৃতীয় বর্ষের অভিযুক্ত ছাত্র।

পুলিশি সূত্রের খবর, অধ্যক্ষের অভিযোগের ভিত্তিতেই আদালতের অনুমতি নিয়ে পুলিশ র‍্যাগিংয়ের ৪ নম্বর ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে। ওই ছাত্রের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগও দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, এন্টালি থানায় দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে অধ্যক্ষকে নোটিশ পাঠানো হয়েছে। তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয় তাঁকে। এও জানা গিয়েছে যে অভিযুক্ত ছাত্রকে ডেকেও কথা বলা হবে।

প্রসঙ্গত, গত মাসেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয় গোটা রাজ্য। এই ঘটনায় র‍্যাগিংয়ের অভিযোগ তোলা হয়। ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন মিলিয়ে মোট ১৩ জন পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত এখনও চলছে। সেই ঘটনার রেশ না কাটতেই ফের কলকাতার গুরুদাস কলেজের এক ছাত্র দুই সিনিয়রের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ করেছিলেন। গত সপ্তাহেও আর জি করের মানিকতলা হোস্টেল থেকে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। আর এবার র‍্যাগিংয়ের অভিযোগ এল এন্টালির সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজ থেকে।

আরও অন্যান্য খবর