‘রাজ্যে চাকরির সংকট চলছে’, নিজের মুখে স্বীকার মন্ত্রী উদয়ন গুহর, দলকে চরম অস্বস্তিতে ফেললেন তৃণমূল নেতা

উত্তরবঙ্গের নানান জেলায় চাকরির টোপ দিয়ে বেকার যুবক-যুবতীদের থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে রাজ্য ও রাজনীতি উত্তাল। এমন পরিস্থিতিতে এবার বেফাঁস মন্তব্য করে বসলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বেকাররা কী কারণে এমন প্রলোভনে পা দিচ্ছে, তা জানালেন তিনি।

কী বলেন উদয়ন গুহ?

গতকাল, শনিবার উত্তরবঙ্গে এই প্রতারণা চক্র নিয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া দেন উদয়ন গুহ। কথার মধ্যেই তিনি কার্যত স্বীকার করে নেন যে এই রাজ্যে চাকরির সংকট রয়েছে। আর সেই কারণেই বেকাররা নানান প্রলোভনে পা দিচ্ছে।

উদয়ন বলেন, “এখন চাকরির কিছুটা সংকট রয়েছে। তাই অনেকে প্রলোভনে পড়ে যায়। আমরা সরকারের তরফে সচেতনতা বৃদ্ধি জন্যে কম চেষ্টা করছি না। বিভিন্ন সমাবেশে বারবার বলি প্রলোভনে পা না দিতে”।

রাজ্যের মন্ত্রী আরও বলেন, “যারা টাকা দেয় তাঁরা খারাপ। আর যাঁরা টাকা নেয় তাঁরাও খুব খারাপ। কোন কোম্পানি কী করছে জানার দরকার নেই। কিন্তু যাঁরা টাকা দিয়েছেন তাঁরা বোকামি করছে”।

বলে রাখি, জলপাইগুড়ির ধূপগুড়ি-বানারহাট, আলিপুরদুয়ার এমন নানান এলাকায় চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। চাকরি দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা চক্র চালানোর অভিযোগ উঠেছে বেসরকারি সংস্থা ‘স্মার্ট ভ্যালু’র বিরুদ্ধে।

অভিযোগ, আঠারো হাজার টাকার বিনিময়ে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হচ্ছে বেকার যুবক-যুবতীদের। আর প্রশিক্ষণ শেষ হলেই চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয় বলে অভিযোগ। এমনিতেই রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে শাসক দলের তাবড় তাবড় নেতাদের নাম জড়িয়েছে। জেলবন্দি একাধিক নেতা। এরই মধ্যে এবার রাজ্যের এক মন্ত্রীর মুখে চাকরির সংকট নিয়ে মন্তব্যে শাসক দলকে যে বেশ অস্বস্তির মুখেই পড়তে হবে, তা বলাই বাহুল্য।

RELATED Articles