শান্ত গ্রাম, পরিচিত নদীপাড়—যেখানে প্রতিদিনের মতোই চলছিল গ্রামীণ জীবনের ছন্দ। কিন্তু সেই পরিচিত পরিবেশেই ঘটে গেল এমন এক ঘটনা, যা এলাকাবাসীর ঘুম কেড়ে নিয়েছে। মেখলিগঞ্জের জামালদহ এলাকায় নাবালিকার উপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের খবর সামনে আসতেই প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। শুধু একটি ঘটনা নয়, বরং তার সঙ্গে জুড়ে যাচ্ছে আরও এক ভয়ংকর অতীত।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই নদীপাড়ে খড়ি আনতে গিয়েছিল ওই নাবালিকা। অভিযোগ, সেই সময়ই এলাকার এক ষাটোর্ধ্ব বৃদ্ধ তাকে ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। প্রাণনাশের হুমকি দিয়ে নির্জন নদীপাড়ে নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন অভিযুক্ত শিশুটিকে খুনের হুমকি দিয়ে চুপ থাকতে বাধ্য করার চেষ্টা করে।
এই ঘটনার মাঝেই এক স্থানীয় মহিলার সাহসী ভূমিকা সামনে আসে। নদীপাড় দিয়ে যাওয়ার সময় সন্দেহজনক পরিস্থিতি দেখে তিনি এগিয়ে যান। প্রত্যক্ষদর্শী ওই মহিলার দাবি, নাবালিকাকে উলঙ্গ অবস্থায় দেখতে পান এবং পাশে পড়ে ছিল একটি দা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বুঝে তিনি শিশুটিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেন। তাঁর তৎপরতাতেই বড়সড় বিপদ থেকে রক্ষা পায় নাবালিকাটি।
ঘটনার পর নির্যাতিতা নাবালিকার অভিযোগ শুনে আরও চমকে উঠেছে প্রশাসন ও পরিবার। তার দাবি, অভিযুক্ত ব্যক্তি আগেও তার দিদির উপর যৌন নির্যাতন চালিয়েছিল। প্রায় এক থেকে দেড় বছর আগে দিদির রহস্যজনক মৃত্যু হয়। সেই ঘটনায়ও অভিযুক্তের নাম উঠে আসছে বলে অভিযোগ। নির্যাতনের সময় অভিযুক্ত হুমকি দিয়েছিল, “তোর দিদির মতো পরিণতি তোরও হবে।” এই হুমকিই নতুন করে সন্দেহের জন্ম দিচ্ছে।
আরও পড়ুনঃ RG KAR case : আরজি কর ধর্ষ*ণ-খু*ন কাণ্ডে তদন্তের নেতৃত্বে থাকা ভি চন্দ্রশেখরই পাচ্ছেন রাষ্ট্রপতি পদক, ক্ষু*ব্ধ নির্যাতিতার পরিবার
ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এবং পকসো (POCSO Act) ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শুধু সাম্প্রতিক ঘটনাই নয়, নাবালিকার দিদির মৃত্যুর বিষয়টিও নতুন করে খতিয়ে দেখা হতে পারে। একের পর এক অভিযোগ সামনে আসায় তদন্তের পরিধি বাড়ছে। গ্রামজুড়ে এখন একটাই প্রশ্ন—এই ঘটনার শিকড় কতটা গভীরে, আর আদৌ কি বিচার পাবে নির্যাতিত পরিবার? এই ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে কোচবিহারের মেখলিগঞ্জ।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার