রাস্তায় দৌড়াচ্ছেন ‘করোনা রোগী’, পেছনে স্বাস্থ্য কর্মী, হুলুস্থুলু বাঙুর হাসপাতাল চত্বর

হাসপাতাল থেকে পালাল করোনা রোগী, তার জেরেই চাঞ্চল্য ছড়াল বাঙুর হাসপাতাল চত্বরে। যদিও তাকে স্বাস্থ্যকর্মীরা পাকড়াও করে হাসপাতালে ঢুকিয়ে দিয়েছেন। স্প্রে করে সংক্রমণমুক্ত করা হয়েছে রাস্তা।কেন্দ্রীয় দল বাঙ্গুর হাসপাতালে যাওয়ার সময়েই ঘটে যায় অঘটন। 

সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর ১টার সময় কেন্দ্রীয় প্রতিনিধি দল এম আর বাঙ্গুর হাসপাতালে প্রবেশ করেন। তাঁরা হাসপাতালে  ঢোকার মুখেই এক ব্যক্তিকে ছুটে বাইরে আসতে দেখা যায়। মুখে মাস্ক পরে ছুটে আসা ব্যক্তিকে দেখে সরে যান সবাই। মুহূর্তের মধ্যেই তাকে হাসপাতালে ফেরাতে ছুটে আসেন পিপিই পরা কিছু স্বাস্থ্যকর্মী। তারাই রাস্তা সংক্রমণমুক্ত করে রোগীকে হাসপাতালে ঢোকান।

এই ঘটনায় তৎক্ষণাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। ওই রোগীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, হাসপাতাল থেকে পালাচ্ছেন।  তাঁর এহেন উত্তরে চমকেছেন সবাই।

যদিও হাসপাতালের তরফে জানানো হয়েছে, কেউ অসুস্থতার সুযোগে তাঁকে রেখে গিয়েছে। নিয়ম করে হয়তো ভর্তি করা হয়নি। হাসপাতালের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

তবে ওই রোগী যে করোনাতেই আক্রান্ত তা সরকারিভাবে জানানো হয়নি। সম্প্রতি  একটি এম আর বাঙ্গুর হাসপাতালের একটি ভিডিয়ো ঘিরে উত্তাল হয় রাজ্য় রাজনীতি। অভিযোগ, বাঙ্গুর হাসপাতালে মৃতদেহের পাশেই রাখা হচ্ছে রোগীদের। নিজের টুইটারে এই ছবি আপলোড করেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। এই ভিডিয়ো সত্যি কিনা তা জানতে চান তিনি।  যদিও শাসকদলের তরফে এই ভিডিও নিয়ে কোনও মন্তব্য় করা হয়নি।

RELATED Articles

Leave a Comment