মোদি-শাহ’র কাছে রাজ্যপালকে কলকাতা থেকে দিল্লি নিয়ে গিয়ে লকডাউনে রাখার আর্জি মহুয়ার

দিন দিন বেড়ে চলেছে রাজ্য রাজ্যপাল চাপানউতোর। মমতা বন্দোপাধ্যায়ের পাঠানো ৫ পাতার চিঠির উত্তরে আজকে ১৪ পাতা চিঠি পাঠিয়েছেন রাজ‍্যপাল জগদীপ ধনকড়। এই কঠিন সময়েও সংঘাত থামার বদলে উত্তোরত্তর বেড়েই চলেছে। চিঠিতে রাজ্যপাল জগদীপ ধনকড় অভিযোগ করেছেন, ‘করোনা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ রাজ্য সরকার।’ সেইসঙ্গেই তিনি দাবি করেন ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরাতেই লাগাতার রাজনীতি করা হচ্ছে।’ এরপর মুখ্যমন্ত্রীর তরফে পালটা প্রতিক্রিয়া না এলেও আসরে নামেন তৃণমূল সাংসদ ও অত্যন্ত সুবক্তা হিসেবে পরিচিতা মহুয়া মৈত্র।

এদিন টুইটারে মহুয়া কড়া ভাষাতেই লেখেন, ‘আমরা এখন একটা মহামারীর বিরুদ্ধে লড়াই করছি। রাজভবনকে খুশি করতে এবং তার অ্যাসাইমেন্ট করার জন্য এত সময় কারও হাতে নেই।’ সেইসঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অনুরোধের সুরে মহুয়া লেখেন, ‘মোদী-শাহ একটা উপকার করুন। এই ভদ্রলোককে দিল্লি নিয়ে যান ও লকডাউনে রাখুন।’

https://twitter.com/MahuaMoitra/status/1253595798467571713?s=20

শুক্রবারের পাঠানো দীর্ঘ চিঠিতে রাজ‍্যপাল ৩৭টি দিকের উল্লেখ করেছেন। করোনা প্রসঙ্গের পাশাপাশি, রাজ্যে এর আগে ঘটা আরও নানা প্রসঙ্গও তুলে ধরেন রাজ্যপাল।

রাজ্যপাল তাঁর চিঠিতে মমতার উদ্দেশ্যে লিখেছেন, ‘করোনা মোকাবিলায় আপনি ব্যর্থ। কৌশলে দৃষ্টি ঘোরাচ্ছেন। আপনি সংখ্যালঘুদের তোষণ করছেন। আপনাকে নিজামুদ্দিনের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে আপনি বলেন এই প্রশ্ন সাম্প্রদায়িক প্রশ্ন। যা একেবারেই আমার কাছে গ্রহণযোগ্য নয়। আপনি আপনার অন্তরাত্মার কথা শুনুন। আপনি আইনের ঊর্ধ্বে নন। সুপ্রিম কোর্টও তাই বলে। আপনি সংবিধানের অবমাননা করেছেন।’

রাজ্যপাল আরও বলেন ‘আপনি তথ্য লুকোচ্ছেন। কেন্দ্রীয় দল এ রাজ্যে কাজ করতে পারছে না। আপনি চিঠিতে আম্বেদকরের কথা বলছেন। আবার সংবিধানকে আপনি অবজ্ঞা করছেন। এর থেকে বড় পরিহাস আর হয় না। আপনার ব্যর্থতা ঠেকাতে চিঠিতে অজুহাত দিয়েছেন। মাইক,ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রীকে মানায় না। নাটক করা ছেড়ে কাজ করুন।’ রাজভবনে তাঁর একটি বন্ধু রয়েছে এ কথা মমতাকে মনে করিয়ে দিয়ে রাজ্যপাল বলেছেন, মানুষের স্বার্থে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান।

ফলে রাজ্যপালের ক্রমবর্ধমান আক্রমণের মুখে এবার পাল্টা আক্রমণের রাস্তাতেই হাঁটতে শুরু করল তৃণমূল।

আরও অন্যান্য খবর