করোনাভাইরাস ছাড়ল না টলিউডের জনপ্রিয় অভিনেতা,সাংসদ দেবকে। তাইল্যান্ডে আর বাংলাদেশের শুটিং বাতিল হয়ে গেল দেবের। অন্যদিকে ২২ মার্চ ‘কমান্ডো’ ছবির শুটের জন্য বাংলাদেশ যাওয়ার কথা অভিনেতা দেবের। সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার দিয়ে বাংলাদেশে প্রথম কাজ করার আনন্দ ভাগ করে নিয়েছিলেন ভক্তদের সঙ্গে। করোনার থাবায় তাও ধুলিস্মাৎ হতে চলল।
দেব বলেন, “আমি বাংলাদেশ যাচ্ছি না। করোনার জন্য আপাতত আমার যাওয়া বন্ধ। এই ভাইরাস আমার শুটিং প্ল্যান নষ্ট করে দিচ্ছে। মে মাসে আমার ‘হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রী’ আসছে, ‘টনিক’ আসছে। এখন থেকেই ভাবছি কী করব? মু্ক্তির দিন কি পেছতে হবে? বুঝতে পারছি না…” চিন্তিত দেব। তিনি শুনেছেন আইপিএল- বন্ধ হল। করোনার আতঙ্কে পিছিয়ে গেল ‘সূর্যবংশী’র মুক্তির দিনও। সেই প্রসঙ্গ টেনে বললেন দেব, “বন্ধ হয়ে গেছে ওড়িশা আর দিল্লির সিনেমা হল। এ বার পশ্চিমবঙ্গেও হবে। মানুষ করোনার ভয় পেলে আর সিনেমা দেখবে না।’’ চিন্তা দেবের গলায়। সামনের দিনগুলো নিয়ে খুবই চিন্তাগ্রস্থ অভিনেতা।





