নিরামিষ খাবার অর্ডার করে পেলেন চিকেন, ক্ষতিপূরণ হিসেবে কলকাতার রেস্তোরাঁর থেকে ৫০ লক্ষ টাকা দাবী করলেন গ্রাহক

অর্ডার করেছিলেন ভেজ পেস্টো স্যান্ডুইজ। সেই খাবারে কামড় দিতেই রীতিমতো আঁতকে উঠেছিলেন নিরামিষাশী যুবক। কারণ স্যান্ডুইজের মধ্যে ছিল চিকেন। এই নিয়ে রেস্তোরাঁকে অভিযোগ করা হলে হুমকিও পেতে হল সেই গ্রাহককে। কলকাতারই এক রেস্তোরাঁর বিরুদ্ধে এমন অভিযোগ উঠল।

জানা গিয়েছে, ফকির ঘোষ লেনের বাসিন্দা অপূর্ব কক্কর। তিনি চলতি মাসের ১১ তারিখে একটি ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে ফ্রাইডে ক্যাফে নামের একটি রেস্তোরাঁ থেকে ভেজ ফার্মহাউজ পিৎজা ও ভেজ পেস্টো স্যান্ডুইজ অর্ডার করেছিলেন। পিৎজা ঠিকঠাক এলেও, স্যান্ডুইজের মধ্যে ছিল চিকেন। এই নিয়ে তুলকালাম কাণ্ড।

অপূর্ব জানান, “পাঞ্জাবি হলেও, আমাদের পরিবার প্রাণীহত্যার বিপক্ষে। আমিষ এবং মদ আমরা স্পর্শ করি না। ছেলেবেলায় থেকেই হিন্দুধর্মের সমস্ত বিধি মেনে চলি। হনুমান পুজো, নবরাত্রি, সত্যনারায়ণ পুজো করি। এত বছর ধরে বিশ্বাস নিয়ে ধর্মীয় আচার মেনে চলছি। কিন্তু, ফ্রাইডে ক্যাফের উদাসীনতা আমার বিশ্বাসে আঘাত হেনেছে। আমার মানসিক শান্তি বিঘ্নিত হয়েছে”।

তিনি আরও বলেন, “ঘটনার দিনই আমি রেস্তোরাঁর মালিকের সঙ্গে যোগাযোগ করি। তিনি গোটা ঘটনার দায় স্বীকার করেন এবং আমাকে ভেজ স্যান্ডউইচ পাঠাবেন বলেন। কিন্তু, আমার ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অপরাধ তো খাঁটো নয়। তাই আমি কনজিউমার ফোরামের সঙ্গে যোগাযোগ করি। অভিযোগ জানাই। আমার ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার ক্ষতিপূরণ হিসেবে আমি ৫০ লাখ টাকাও দাবি করেছি মামলায়”।

অপূর্বর কথায়, “এরপরই ওই রেস্তোরাঁর মালিক আমার সঙ্গে দেখা করার জন্য জোর করতে শুরু করে। ১৫ ডিসেম্বর আমি দেখা করেছিলাম ওঁর সঙ্গে। তিনি আমায় রীতিমতো হুমকি দেন। বলেন, আমি কোথায় কাজ করি সব তিনি জানেন। ৫০ হাজার টাকা দিয়ে গোটা বিষয়টি মিটিয়ে নিতে বলেন ও অভিযোগ প্রত্যাহার করার দাবি জানান। এই মুহূর্তে আমাকে ও আমার স্ত্রীকে দুজনেই পাপস্খলন করতে আবারও সমস্ত ধামে যেতে হবে। সব আচার মেনে পুজো করতে হবে। উনি ৫০ হাজার টাকা দিয়ে সব মেটানোর কথা বলায় শুধু ধর্মীয় নয়, বরং আমার আর্থিক অবস্থাকেও অপমান করার চেষ্টা করেছেন রেস্তরাঁর মালিক”।

অপূর্ব জানান যে ফুড ডেলিভারি অ্যাপের সঙ্গেও তিনি যোগাযোগ করেছেন এই বিষয়ে। তবে সেখান থেকেও বিশেষ কোনও সাহায্য পান নি তিনি। বিলের ৩৯৩ টাকা তাঁকে শুধু ফেরত দেওয়া হয়েছে।

RELATED Articles