কলকাতায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ১০০ ছাড়াল! সময়ের সাথে গতি আরও বাড়বে

শেষমেশ বাংলায় ঢুকেই পড়ল ঘূর্ণিঝড় আমফান। এবার স্থলভাগে আছড়ে পড়ার অপেক্ষামাত্র। লন্ডভন্ড করার তোড়জোড় নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, যার সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৮৫ কিমি। এখন কলকাতার ওপর দিয়ে ঘণ্টায় ১০৫ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো বাতাস। হাওয়া অফিস সূত্রে খবর সময় বাড়ার সাথে সাথে আরও বাড়বে ঝড়ের গতি। ঘূর্ণিঝড়ের মাথার পর চোখ প্রবেশের অপেক্ষা। সাইক্লোনের আই স্পর্শ করলে ঝড়ের গতি সামান্য কমতে পারে। তবে ফের বাড়বে ঝড়ের গতি।

ঝড় আছড়ে পড়ার পূর্বেই শহরের বিভিন্ন জায়গা থেকে আসছে গাছ ভেঙে পড়ার খবর। শহরের বিভিন্ন এলাকায় একের পর এক ভেঙে পড়ছে গাছ, উপড়েছে একাধিক সিগনাল পোস্টও। বন্ধ হয়েছে বিভিন্ন রাস্তা। দক্ষিণ কলকাতার পূর্ণদাস রোড, জেমস লং সরণি ঝড়ের দাপটে বন্ধ। এমনকি দেশপ্রিয় পার্কেও বড় গাছ ভেঙে রাস্তা বন্ধ বলে খবর পাওয়া গেছে।

দক্ষিণ কলকাতার পাশাপাশি গাছ ভেঙে বন্ধ হল সেন্ট্রাল অ্যাভিনিউও। পরপর গাছ পড়েছে মধ্য ও উত্তর কলকাতায়। গাছের সঙ্গে জড়িয়ে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি ও তার।

তবে শুধু গাছ নয় ভেঙে পড়ছে পুরোনো বাড়িও। পশ্চিম পুটিয়ারিতে ভাঙল পুরনো বাড়ির একাংশ। মানুষকে উদ্ধার করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পুরসভার কর্মীরা। এরপর ভেঙে ফেলা হয় বাড়ির বিপজ্জনক অংশটি। পরে ঘটনাস্থলে পৌঁছন পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমও। খালি করা হয়েছে একের পর এক বিপজ্জনক বাড়ি।

আজ সকালেই উত্তর কলকাতার ২৪ নম্বর ওয়ার্ডের জোড়াবাগান এলাকার দুটি বিপজ্জনক বাড়ি খালি করা হয়েছে। একটি বাড়ির বাসিন্দাদের কমিউনিটি হলে পাঠানো হয়েছে। অন্য বাড়ির বাসিন্দাদের পুরসভার একটি স্কুলে সরিয়ে আনা হয়েছে।

পাশাপাশি রাজ্যজুড়ে যে করোনা পরিস্থিতির উদ্বেগ হয়েছে তাকে মাথায় রেখেই সাইক্লোন সেন্টারগুলিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাস্ক ও স্যানিটাইজারের বন্দোবস্ত করা হয়েছে। সবাইকে মাস্ক দেওয়ার পাশাপাশি থার্মাল স্ক্রিনিংও করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কিছুক্ষণের মধ্যে শহরের উপর দিয়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

RELATED Articles

Leave a Comment