বিগত কয়েকদিন ধরেই বঙ্গ রাজনীতিতে খুব বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছে তৃণমূল তারকা-সাংসদ দেবের নাম। তিনি আদৌ রাজনীতিতে থাকবেন কী না, তা নিয়ে তৈরি হয়েছিল জোর জল্পনা। সেই বিতর্কের মাঝেই এবার দেব বড় ইঙ্গিত দিয়ে বললেন, “আমি রাজনীতি ছাড়লেও, রাজনীতি আমাকে ছাড়বে না”।
কয়েকদিন ধরেই দেবের রাজনীতিতে ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। গুঞ্জন উঠেছিল দেব সাংসদ পদ ছেড়ে দিচ্ছেন। এরই মধ্যে ঘাটালের তিন প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেন দেব। এরপরই তাঁর রাজনীতিতে থাকা নিয়ে আরও বড় জল্পনা তৈরি হয়। এই নিয়ে দেবকে প্রশ্ন করা হলেও, তিনি স্পষ্ট কোনও উত্তর দেন নি।
এসবের মধ্যেই গত বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের আগে লোকসভায় ছিল শেষ অধিবেশন। সেদিন দেব বলেন, এদিনই তাঁর সংসদে শেষ দিন ছিল। এও বলেন যে তিনি সাংসদ থাকুন বা থাকুন, ঘাটাল তাঁর হৃদয়ে থাকবে। আর এরপরই প্রায় একপ্রকার সকলে নিশ্চিত হয়েই যান যে দেন তৃণমূল ছাড়ছেন। কিন্তু এরই মধ্যে বড় ইঙ্গিত দিলেন দেব।
গতকাল, শনিবার সকালে শুটিং করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। তাঁকে এদিন দেখতে যান দেব। হাসপাতাল থেকে বেরিয়ে দেব বলেন, “যে রাজনীতি সম্পর্ককে সম্মান দেয় না, সেই রাজনীতি আমি করি না। ১০ বছর ধরে এটা আমি পালন করে এসেছি। আমার কাছে সম্পর্ক, কাছের মানুষরা খুব গুরুত্বপূর্ণ। তারা কোন দল করেছে, কী ভাবছে সেটা নয়”।
তিনি কী রাজনীতিতে থাকছেন?
তাঁর রাজনীতির ভবিষ্যৎ নিয়ে দেব বলেন, “আমি বলেছিলাম, আমি চাইলেই বেরিয়ে যাব তা হবে না। দিদির মতামত গুরুত্বপূর্ণ। আজকের জন্য একটা লাইন বলতে চাই, যা বুঝতে পারছি, যা দেখতে পাচ্ছি, আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না”।
প্রসঙ্গত, গতকাল ,শনিবার ক্যামাক স্ট্রীটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে যান দেব। বৈঠক হয় দু’পক্ষের মধ্যে। সেখান থেকে বেরিয়ে দেব যান কালীঘাটে। সেখানে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দুই বৈঠকের পর তৃণমূল সূত্রে খবর মেলে যে দেব তৃণমূল ছাড়ছেন না। সব ঠিকঠাক থাকলে লোকসভা নির্বাচনে তিনিই ফের ঘাটালের প্রার্থী হবেন। আর এবার দেবও তেমনই ইঙ্গিত দিলেন।





