বিদায়ের আগে যেন আচমকাই দপ করে জ্বলে উঠেছে শীত। ফের নেমেছে তাপমাত্রার পারদ। ফের একবার কনকনে ঠাণ্ডা উপভোগ করছে বঙ্গবাসী। সরস্বতী পুজোতেও এমনই আবহাওয়া থাকবে কী না, তা জানতে বেশ উৎসুক তরুণ-তরুণীরা। কিন্তু তাদের জন্য খুব একটা আশার বাণী শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর।
গতকাল, শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আজ, রবিবারও তাপমাত্রা নিম্নমুখীই থাকবে। আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
এই বছর আবার সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইনস ডে একই দিনে পড়েছে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি। বাঙালির প্রেম দিবসের সঙ্গে মিলেমিশে একাকার আন্তর্জাতিক প্রেম দিবসও। ফলে এই গোটা দিনই থাকবে প্রেমময়। ফলে এই দিনটায় আবহাওয়া ভালো থাকা খুব জরুরি প্রেমিক-প্রেমিকাদের কাছে। কিন্তু আবহাওয়া নিয়ে তেমন কনই ভালো খবর মিলল না হাওয়া অফিসের থেকে।
কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের পুরুলিয়া ও সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু তাপমাত্রা শীঘ্রই বাড়বে। আগামী বুধবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে তাপমাত্রা। মঙ্গলবার থেকে ফের আকাশ মেঘলা থাকবে।
এখন আপাতত আবহাওয়া শুষ্ক থাকলেও মঙ্গলবার ও তারপর দু-একদিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়তে পারে।
কবে কোথায় হবে বৃষ্টি?
- ১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার: পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা।
- ১৪ ফেব্রুয়ারি, বুধবার: পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি হবে। এর মধ্যে আবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে।
- ১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার: কলকাতা-সহ সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে।





