প্রাতঃভ্রমণে গিয়ে ইকো পার্কে বিজয়া সম্মিলনী সারলেন দিলীপ ঘোষ, নানান ইস্যুতে ফের কটাক্ষ শানালেন মুখ্যমন্ত্রীকে

আজ, বুধবার রাজ্যের তরফে ইকো পার্কে আয়োজন করা হয়েছে বিজয়া সম্মিলনীর। এর আগেই ইকো পার্কে একপ্রস্থ বিজয়া সম্মিলনীর আয়োজন করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণে আসা সকলের সঙ্গে বসে দক্ষিণ ভারতীয় খাবার খেলেন তিনি।

কলকাতায় থাকলে নিয়মিত তিনি ইকোপার্কে প্রাতঃভ্রমণে যান। আজ, বুধবারও এর অন্যথা হল না। নির্দিষ্ট সময়েই ইকো পার্কে পৌঁছন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। তবে এদিন একটি অন্য মুডে দেখা গেল তাঁকে। তাঁর নেতৃত্বেই পার্কের ভেতর চেয়ার-টেবিলের আয়োজন করা হয়।

প্রাতঃভ্রমণে আসা অন্যান্যদের ডেকে একসঙ্গে খাওয়া দাওয়া সারেন দিলীপ ঘোষ। এদিনের মেনুতে ছিল দক্ষিণ ভারতীয় খাবার। সেখান থেকেই রাজ্যের আয়োজন করা বিজয়া সম্মিলনীকে কটাক্ষ করেন তিনি।

এদিন দিলীপ ঘোষ বলেন, “বিকেলে যেটা হবে, সেটা লোক দেখানো। ওটা মিডিয়া দেখাবে। সবাই দেখবে। সাধারণ মানুষের সেখানে সম্মান নেই, লোক দেখানো এই সব করে লাভ নেই। এসব ক্ষেত্রে মানুষ নিজেকে উপেক্ষিত মনে করে”।

এদিন ইকো পার্কে নানান বিষয় নিয়ে কথা বলেন মেদিনীপুরের সাংসদ। নীলাদ্রিশেখর দানাকে জেরা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “সিবিআই ইডি তৎপরতা কোর্টের নির্দেশে। নেতারা পরপর ধরা পড়তেই বিজেপিকে টার্গেট করা শুরু হয়েছে। বিজেপি দূর দূর পর্যন্ত এর সঙ্গে জড়িত নয়। নিজেদের বাঁচাতে প্রতিহিংসা চরিতার্থ করতেই বিজেপিকে টার্গেট করা হচ্ছে”।

দিলীপের কথায়, ৯ বছরে অনুব্রতর আয় কয়েকগুণ বৃদ্ধি বেড়েছে। তিনি বলেন, “এগুলো তো দেখা যাচ্ছে। এরকম কত আছে যেগুলো দেখানো নেই। তাই কত গুণ বেড়েছে তা পরে জানা যাবে”। এদিন মানিক ভট্টাচার্য প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন শুধুমাত্র মানিক ভট্টাচার্যের ছেলেই নয়, তাঁর বাড়ির লোক, কর্মচারী সকলে দুর্নীতির সঙ্গে জড়িত।

RELATED Articles