মেট্রো কলকাতাবাসীদের নিত্য সঙ্গী হয়ে গিয়েছে। সেই কারণে কোনও একদিন যদি মেট্রো পরিষেবা ব্যাহত হয়, তাহলে মাথায় হাত পড়ে যায় সকলের। আর এবার একদিন নয়, বরং পরপর দু’টি শনিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। মেট্রো লাইনের নিরাপত্তার কাজ চলবে। আর মেট্রো বন্ধ থাকার কারণে যে যাত্রীদের বেশ দুর্ভোগে পড়তে হবে, তা বলাই বাহুল্য।
কী জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ?
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মেট্রো পরিষেবার নিরাপত্তার জন্য ইন্টিগ্রেটেড সেফটি সিস্টেম অত্যন্ত প্রয়োজনীয়। হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চালানোর আগে সেই সিস্টেম ইনস্টল করা প্রয়োজন। সেকথা মাথায় রেখেই দ্রুত সফটওয়্যার ও হার্ডওয়্যার ইনস্টল করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। সেই কারণেই পরপর দুই শনিবার মেট্রো পরিষেবা বন্ধ রেখে সেই কাজ করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। তবে শুধুমাত্র ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবাই বন্ধ থাকবে এই দু’দিন। বাকি রুটের মেট্রো যেমন চলে, তেমনই চলবে।
কোন দু’দিন মিলবে না পরিষেবা?
আগামী ১৯ ও ২৬ আগস্ট, এই দুই শনিবার ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এর জেরে অফিস যাত্রীদের ভোগান্তি হবে।
জানা গিয়েছে, এই দুই মেট্রো রুটের পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো রুটেও উন্নত পরিষেবা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বা বি এসএস বসানো হতে চলেছে এই মেট্রো রুটে ।
অত্যাধুনিক এমন প্রযুক্তির ব্যবহারের ফলে এরপর থেকে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সুড়ঙ্গে দাঁড়িয়ে পড়বে না মেট্রো। এই প্রযুক্তির জেরে চালক ট্রেনটিকে পরবর্তী স্টেশন পর্যন্ত নিরাপদে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। বলে রাখা ভালো, দেশের মধ্যে প্রথম দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটেই এই অত্যাধুনিক প্রযুক্তি কার্যকর হতে চলেছে।





