এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার আরও এক অভিযুক্ত। এবার গ্রেফতার করা হল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে। গতকাল, সোমবার গোটা রাত তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জেরা করা হয়। অবশেষে আজ ভোরবেলা গ্রেফতার করা হয় পলাশিপাড়ার তৃণমূল বিধায়ককে।
মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ, তিনি শিক্ষক নিয়োগের ভুয়ো তালিকা দিয়েছিলেন। তিনি ঘুষও নিয়েছিলেন বলে অভিযোগ। তিনি তদন্তে সহযোগিতা করেন নি, এমনও অভিযোগ করেছেন ইডির আধিকারিকরা।
এর আগে এসএসসি দুর্নীতি মামলায় একাধিকবার মানিক ভট্টাচার্যকে ডেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। পরবর্তী সময়ে একাধিক দুর্নীতিতে তাঁর নাম জড়ায়।
এরপর রাজ্য সরকারের তরফে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে তারপরও তিনি ছিলেন তদন্তকারীদের স্ক্যানারে। মানিক ভট্টাচার্যকে বারবার এই মামলায় নথিপত্র দিয়ে সাহায্যের জন্য তলব করা হয়েছিল। তিনিও বারবার এড়িয়ে গিয়েছিলেন।
https://twitter.com/ANI/status/1579673447554506752?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1579673447554506752%7Ctwgr%5E4daffcf9f99ae2807b9b2035810e297c24b6e72c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fssc-scam-ed-arrests-manik-bhattacharya-after-interrogation-overnight%2F
মাঝে একবার তাঁর খোঁজও মিলছিল না। সেই সময় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়। কিন্তু এরপরই জানা যায় তিনি নিজের যাদবপুরের ফ্ল্যাটেই রয়েছেন। গতকাল, সোমবার ইডি তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায়। সারারাত ধরে জেরার পর অবশেষে গ্রেফতার করা হয় মানিক ভট্টাচার্যকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি শিক্ষা দফতরে ভুয়ো চাকরিপ্রার্থীদের তালিকা দিতেন। আজই তাঁকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি।
এর আগে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, সুবীরেশ ভট্টাচার্যকে। এবার এই তালিকায় যোগ হল মানিক ভট্টাচার্যের নামও।






