দুর্গাপুজো শেষ। গতকাল, মঙ্গলবার ছিল দশমী। এদিন বেশিরভাগ প্রতিমাই নিরঞ্জন করা হয়েছে। কিন্তু ওই যে কথায় আছে, শেষ হয়েও হইল না শেষ। কলকাতায় এখনও রয়েছে দুর্গাপুজোর আমেজ। ঢাকের বাজনা থেমে গেলেও, ঘট বিসর্জন হয়ে গেলেও এখনও অনেক মণ্ডপেই রয়ে গিয়েছেন প্রতিমা। আগামী শুক্রবার অর্থাৎ ২৭ অক্টোবর রেড রোডে রয়েছে কার্নিভাল। এই কার্নিভালের জন্য এবার শুক্রবার মধ্যরাত পর্যন্ত চলবে অতিরিক্ত বাস, ট্রেন ও মেট্রো, এমনটাই জানাল রাজ্যের পরিবহণ দফতর।
কার্নিভাল দেখে রতে ফিরতে যাতে দর্শকদের কোনও সমস্যা না হয়, সেই কারণে পরিবহণ দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে ২৭ তারিখ মধ্যরাত পর্যন্ত সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগেই কলকাতা ও শহরতলির একাধিক রুটে অতিরিক্ত বাস চালানো হবে।
জানা গিয়েছে, অন্যান্য দিনের থেকে বেশি বাস চালানো হবে ওইদিন। মধ্যরাত পর্যন্ত চলবে বাস। এই নিয়ে বাস মালিক সংগঠনগুলিকে লিখিতভাবে অনুরোধ করা হয়েছে যাতে শুক্রবার মধ্যরাত পর্যন্ত বাস চালানো হয়।
জানা গিয়েছে, এসপ্ল্যানেড-যাদবপুর, এসপ্ল্যানেড-গড়িয়া, এসপ্ল্যানেড-পাটুলি, এসপ্ল্যানেড-নিউ টাউন, এসপ্ল্যানেড-ডানলপ/বালিগঞ্জ, এসপ্ল্যানেড-গড়িয়া, হাওড়া-ইডেন গার্ডেন-গড়িয়া, এয়ারপোর্ট-নবান্ন, এসপ্ল্যানেড-গড়িয়া, এসপ্ল্যানেড-নিউ টাউন, এসপ্ল্যানেড-ঠাকুরপুকুর, এসপ্ল্যানেড-আমতলা এবং এসপ্ল্যানেড-পর্ণশ্রী রুটে চলবে অতিরিক্ত বাস।
শুধুমাত্র অতিরিক্ত বাসই নয়, কার্নিভালের জন্য শুক্রবার রাতে অতিরিক্ত ট্রেন ও মেট্রো চালানো হবে। স্বাভাবিক সময়ের পরও চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো। এই নিয়ে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজারকে চিঠি দেওয়া হয়েছে। অন্যদিকে, শুক্রবার মধ্যরাত পর্যন্ত যাতে ট্রেন চালানো হয়, তা নিয়েও হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে চিঠি দিয়েছে পরিবহণ দফতর।





