অবশেষে বাংলায় এল শীতের আমেজ। ঘূর্ণিঝড়ের চাপ সরতেই এবার উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করবে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু-তিনদিনে রাতের দিকে তাপমাত্রা কমবে। ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে সরে যাওয়ায় রাজ্যে আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।
হাওয়া অফিস সূত্রে খবর, গতকাল গভীর রাতে বাংলাদেশে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় হামুন। এই সময় ঘূর্ণিঝড়ের ঘণ্টায় ৯৫ কিলোমিটার বেগে দক্ষিণ চট্টগ্রামে স্থলভাগে প্রবেশ করেছে এই ঘূর্ণিঝড়। ধীরে ধীরে তা শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে এর থেকে রাজ্যে আর ঝড় বা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, আজও উত্তর বঙ্গোপসাগর উপকূল উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বলে খবর।
বৃষ্টির কারণেই ইতিমধ্যেই রাজ্যে তাপমাত্রা কমতে শুরু করেছে। পশ্চিমের জেলাগুলিতে বেশ ভালোই শীতের আমেজ দেখা দিয়েছে। আগামী দু-তিনদিন গোটা রাজ্যেই দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। দুপুরের দিকে কলকাতা সংলগ্ন এলাকায় তাপমাত্রা বাড়লেও শীতের শিরশিরানি থাকবে। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে।
জানা গিয়েছে, কলকাতায় আপাতত বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই। তবে আজ, বুধবার আংশিক মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকবে। রাতের তাপমাত্রা সামান্য বেশি থাকতে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামীকাল, বৃহস্পতিবার থেকে রাতের তাপমাত্রা কমবে। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ অনুভূত হবে। আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস।





