গত বুধবার আমফানের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা সহ দক্ষিনবঙ্গের একাধিক জেলা। রাস্তায় রাস্তায় গাছ পড়ে মানুষের সমস্যার সৃষ্টি হয়েছে। এবার সেই গাছ কাটতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হলেন এক দমকলকর্মী। এই ঘটনায় CESC-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বেলুড়ের গাঙ্গুলি স্ট্রিটে। মাত্র ২৭ বছর বয়সী অক্সিলারি ফায়ার অপারেটর সুকান্ত সিংহরায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।
দমকলের দাবি, ঘূর্ণিঝড়ের জেরে গাঙ্গুলি স্ট্রিটের রাস্তায় একটি বিশাল গাছ পড়েছিল।আর তাতে জড়িয়ে ছিল বিদ্যুতের তার। সেই তারে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়েছে বলে CESE নিশ্চিতবার্তা দিলে তবেই গাছ কাটা শুরু করেছিলেন দমকলকর্মীরা। কিন্তু গাছ কাটার সময় একটি বৈদ্যুতিক তারে মোটরচালিত করাত এসে ঠেকলে সঙ্গে সঙ্গে তড়িদাহত হন সুকান্তবাবু। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনায় জেরে CESC-র বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দমকল বিভাগ। তাদের অভিযোগের ভিত্তিতেই CESC-র ৩ কর্মীকে গ্রেফতারও করেছে বেলুড় থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে দমকল।
বুধবার দুপুরে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বালির দমকল দফতরের অক্সিলারি ফায়ার আপারেটর সুকান্ত সিংহ রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে অকাল প্রয়াণে আমি মর্মাহত। আপৎকালীন কাজের সাথে যুক্ত সব কর্মীদের প্রতি আমি চিন্তিত। প্রয়াত কর্মীর পরিবারের প্রতি ও বন্ধুদের জন্য আমার সমবেদনা জানাচ্ছি।’





