খোঁজ মিলছে না টেট দুর্নীতিতে নাম জড়ানো মানিক ভট্টাচার্যের, বাড়িতে তালা, কড়া পদক্ষেপ নিতে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পথে ইডি

কোনও মিলছে না টেট দুর্নীতিতে নাম জড়ানো মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। তাঁর যাদবপুরের ফ্ল্যাট, নদীয়ার বাড়িয়ে কোনও হদিশ মেলেনি তাঁর। কোন পথে এবার এগোবে ইডি, সে বিষয়ে আইনি পরামর্শ নিতে কলকাতা হাইকোর্টের ইডির আধিকারিকরা। সূত্রের খবর, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে পারে ইডি।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। সেই তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করা হয় মানিক ভট্টাচার্যকে। কিন্তু তিনি বারবার হাজিরা এড়িয়ে গিয়েছেন। মাত্র একবার হাজিরা দিয়েছেন তিনি। কিন্তু এবার আর তাঁর কোনও হদিশই মিলছে না।

জানা যাচ্ছে, যাদবপুরের বাড়ি থেকে শুরু করে নদীয়ার পলাশিপাড়ায় তাঁর পৈতৃক বাড়িতেও কোনও খোঁজ নেই তাঁর। গত একমাস ধরে ওই বাড়িতে তালা ঝুলছে বলে জানা গিয়েছে। অভিযোগ, মানিক ভট্টাচার্য যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরেও তাঁকে যোগাযোগ করা যাচ্ছে না। এবার তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, তা স্থির করতে আইনজীবীদের সঙ্গে ইডি আধিকারিকরা বৈঠকে বসবেন। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হতে পারে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়েছিল কলকাতা হাইকোর্ট। তিনি তাই-ই নয়, তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও মেয়ের সম্পত্তির হিসাবও হলফনামা আকারে কোর্টে পেশ করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একাধিকবার ইডি তলব করে তাঁকে। তদন্তে অসহযোগিতা করার অভিযোগও ওঠে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে।  

নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তে গতি আনতে বেশ তৎপর হয়েছে সিবিআই ও ইডি। এসএসসি নিয়োগে মধ্যস্থতাকারী প্রদীপ সিংহকে গতকাল, বুধবার গ্রেফতার করে সিবিআই। তিনি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। আজ, বৃহস্পতিবার তাঁর সল্টলেকের অফিসে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। গতকাল, বুধবার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় সিবিআই। তাঁর বাঁশদ্রোনীর ফ্ল্যাট সিল করা হয়েছে।

RELATED Articles