বিশ্ব রাজনীতির টানাপোড়েন যখন ক্রমশ তীব্র হচ্ছে, তখন পশ্চিম এশিয়ার সমুদ্রপথেও বাড়ছে অনিশ্চয়তা। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে প্রতিদিনই অসংখ্য তেল ও পণ্যবাহী জাহাজ যাতায়াত করে। কিন্তু সাম্প্রতিক সংঘাতের আবহে এই পথেই ঘটল এমন এক ঘটনা, যা নতুন করে উদ্বেগ বাড়িয়ে দিল ভারতীয় মহলেও।
ঘটনার সূত্রপাত একটি পণ্যবাহী জাহাজকে কেন্দ্র করে। জানা গিয়েছে, ‘ময়ুরী নারী’ নামের ওই জাহাজটি থাইল্যান্ডের পতাকা বহন করছিল এবং সংযুক্ত আরব আমিরশাহীর খলিফা বন্দর থেকে গুজরাটের কান্দেলা বন্দরের দিকে রওনা দিয়েছিল। জাহাজটিতে বহু প্রয়োজনীয় পণ্য বোঝাই ছিল। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় আচমকাই সেটির উপর হামলা হয় বলে জানা যায়। ঘটনার পর জাহাজ থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়, যা পরিস্থিতির ভয়াবহতার ইঙ্গিত দেয়।
এই হামলার জেরে প্রাণহানির খবর সামনে আসে। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার সন্ধ্যায় জানান, ওই ঘটনার ফলে দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে এবং আরও এক ভারতীয় নাবিক এখনও নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, সরকার পুরো পরিস্থিতির উপর নজর রাখছে এবং সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এছাড়াও উপসাগরীয় অঞ্চলে সংঘাতের জেরে আহত কয়েকজন ভারতীয়ের চিকিৎসাও চলছে। দুবাইয়ে এক ভারতীয় নাগরিক বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে।
উদ্ধারকাজও ইতিমধ্যেই শুরু হয়েছে। থাইল্যান্ড রয়্যাল নেভি জানিয়েছে, হামলার ধরন এখনও স্পষ্ট নয়। তবে ওমান নৌবাহিনীর সহায়তায় জাহাজ থেকে ২৩ জন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও তিনজন নাবিক নিখোঁজ বলে জানা যাচ্ছে। ঠিক কীভাবে এই হামলা ঘটল, সেটি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, সমুদ্রে বসানো মাইন বা বিস্ফোরক ডিভাইসের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুনঃ নিকাহর জন্য ধর্ম পরিবর্তন, তারপরেই শুরু পা’শবিকভাবে মান’সিক ও শারী’রিক নির্যা’তন! ‘কারণ ছাড়াই মার’ধর করা হতো’, কাঁদতে কাঁদতে অভিজ্ঞতা প্রকাশ প্রাক্তন মিস ইন্ডিয়ার!
উল্লেখ্য, গত প্রায় দুই সপ্তাহ ধরে চলা ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালীতে উত্তেজনা চরমে উঠেছে। ইরানের বাহিনী আইআরজিসি আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে, পশ্চিম এশিয়া থেকে তেল বাইরে যেতে দেওয়া হবে না। পাল্টা আমেরিকার তরফেও কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই উত্তেজনার মাঝেই হরমুজে মাইন বোঝাই নৌযান মোতায়েনের খবর সামনে এসেছিল। সেই পরিস্থিতির মধ্যেই গুজরাটগামী জাহাজে এই হামলা নতুন করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়াল।





