‘রাজ্যজুড়ে হিংসার জেরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে, সব সামনে আসবে’, দাবী রাজ্যপালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় গোটা শহর এখন উত্তাল। গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যেয় ক্যাম্পাসে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কথা বলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। মৃত ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর বাবার সঙ্গেও কথা বলেন রাজ্যপাল। এরপর সংবাদমাধ্যমের সামনে তাঁর দাবী, যাদবপুরের ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা হয়। গোটা রাজ্যে যে হিংসা চলছে, এই ছাত্র মৃত্যু তারই প্রভাব।

ঠিক কি বললেন রাজ্যপাল?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় চত্বর উত্তপ্ত। তবে এই ঘটনার নেপথ্যে যে রাজ্যে চলা হিংসার কোনও যোগসূত্র রয়েছে, তেমনটা কেউ দাবী করেন নি। কিন্তু ঠিক এই দাবীই তুলে ধরলেন রাজ্যপাল। বললেন, “যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ঘটনা অনভিপ্রেত। বাংলায় ঘটে চলা হিংসার প্রভাবেই এমন ঘটেছে”।

শুধু তাই-ই নয়, এদিন হিংসার বিরুদ্ধে সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার ডাক দেন রাজ্যপাল। তাঁর কথায়, “এটা একটা বিপর্যয়। ক্যাম্পাসকে হিংসা মুক্ত করতেই হবে। আমাদের অবশ্যই এই হিংসার বিরুদ্ধে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আসুন আমরা সকলে মিলে নতুন প্রজন্মের জন্য শান্তির বাংলা গড়ে তুলি”।

আর কী জানালেন সি ভি আনন্দ বোস?

এদিন রাজ্যপালের আরও দাবী, বিশ্ববিদ্যালয়ের অনেকের সঙ্গে কথা বলে তিনি অনেক স্পর্শকাতর ঘটনার কথা জানতে পেরেছেন। তিনি জানান, সেসব তিনি এখনই বলবেন না। এই ঘটনার তদন্ত চলছে। তাঁর আশা, সব সত্যি সামনে আসবে।

প্রসঙ্গত, গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোটেলের তিনতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় প্রথম বর্ষের ছাত্রের। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল বিশ্ববিদ্যালয় জুড়ে। কীভাবে হোস্টেলের বারান্দা থেকে পড়ে গেলেন স্বপ্নদীপ, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। তাঁর সহপাঠীদের দাবী, স্বপ্নদীপ র‍্যাগিংয়ের শিকার।

গতকাল সন্ধেয় বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রথমেই যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই হোস্টেল পরিদর্শন করেন তিনি। ফোনে কথা বলেন স্বপ্নদীপের বাবার সঙ্গে। রাজ্যপালকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাদের একটাই দাবী, “আমরা বিচার চাই”।

RELATED Articles