আজ শাহী সভা ধর্মতলায়, কোন কোন রাস্তা খোলা এদিন? কোন পথে ঘুরে যাবে গাড়ি? রাস্তায় বেরোনোর আগে জেনে নিন তথ্য

আজ, বুধবার শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের নানান প্রান্ত থেকেই বিজেপি কর্মীরা এদিন ধর্মতলা আসছেন এই সভায় যোগ দিতে। লোকসভা নির্বাচনের আগে বিজেপির এই সভা যে বেশ গুরুত্বপূর্ণ, তা আর বলার রাখে না। এদিন শাহ্‌’র সভায় বেশ ভিড় হবে বলেই মনে করছে গেরুয়া শিবির। পুলিশের আন্দাজ প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষের সমাগম ঘটতে পারে এই সভায়। প্রথমে পুলিশ এই সভার অনুমতি না দিলেও পরবর্তীতে কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া হয় সভার অনুমতি।

কোন কোন রাস্তা খোলা থাকবে এদিন?

লালবাজারের তথ্য সূত্রে খবর, হিন্দ সিনেমার সামনে থেকে এস এস ব্যানার্জি রোড ধরে একটি মিছিল যাবে ধর্মতলার দিকে। হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকেও যাবে মিছিল। যারা নানান জেলা থেকে ট্রেনে করে কলকাতায় আসবেন, সেই সব মিছিলে যোগ দেবেন তারাই।

এছাড়াও হাওড়া থেকে হাওড়া ব্রিজ ধরে বিজেপি কর্মী-সমর্থকেরা পোদ্দার কোর্টের পাশ দিয়ে গনেশ চন্দ্র অ্যাভিনিউ হয়ে সভা মঞ্চের দিকে যাবেন। অন্যদিকে, শিয়ালদহ স্টেশন থেকে মৌলালী হয়ে এস এন ব্যানার্জি রোড ধরে এগিয়ে যাবে আরও মিছিল। আর সাধারণের যাতায়াতের জন্য খোলা রয়েছে এজেসি বোস রোড, এপিসি রোড, বিবি গাঙ্গুলি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, রেড রোড, স্ট্রিট রোড।

কেমন নিরাপত্তা ব্যবস্থা থাকছে?

লালবাজারে সূত্রে খবর, এদিনের এই সভাস্থলে মোতায়েন থাকবে ১০০০ পুলিশ। এছাড়াও অমিত শাহের রাস্তা সহ-একাধিক জায়গায় বাড়তি বাহিনী মোতায়েন থাকবে। সভাস্থলকে ৬ টি জোনে ভাগ করা হচ্ছে। প্রত্যেক জোনে ১ জন করে ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার থাকবেন। বহুতলেও মোতায়েন থাকবে পুলিশ।

সভায় থাকবেন যুগ্ম কমিশনার পদমর্যাদার ১ জন অফিসার। ডেপুটি  কমিশনার পদমর্যাদা অফিসার থাকবেন ৬ জন। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার ও ইন্সপেক্টর পদমর্যাদা অফিসারও থাকবেন।

RELATED Articles