বসন্তের হাওয়ায় যখন চারপাশ রঙিন, তখন দোলের উৎসব যেন আনন্দের বিস্ফোরণ। দেশ জুড়ে আর বাংলার প্রতিটি কোণায় আজ আবিরে রাঙা হাসি। সেই উচ্ছ্বাস থেকে বাদ পড়েননি টলিপাড়ার তারকারাও। সামাজিক মাধ্যমে একের পর এক রঙিন ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে দোলের আনন্দ ভাগ করে নিয়েছেন তাঁরা। কেউ সাদা পোশাকে, কেউ রঙিন সাজে, আবার কেউ পরিবারের সঙ্গে বিশেষ মুহূর্তে ধরা দিয়েছেন। সব মিলিয়ে দোলের দিনটি যেন হয়ে উঠেছিল তারকাদের মিলনমেলা।
দোলের আবিরে একসঙ্গে ধরা দেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। সাদা টি শার্টে রোদচশমা পরে তাঁদের হাসিমুখ নজর কাড়ে ভক্তদের। খুব বেশি রঙে না মেখেও মিষ্টি মুহূর্ত ভাগ করে নেন গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। অন্যদিকে গোলাপি আবিরে রাঙা হয়ে ফ্রেমবন্দি হন দেব ও রুক্মিণী মৈত্র। তাঁদের ছবিতে ছিল ভালোবাসা আর উৎসবের আবেশ।
পরিবারের সঙ্গে দোলের আনন্দ ভাগ করে নেন রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস। মেয়েকে কোলে নিয়ে সাদা পোশাকে তাঁদের হাসিমুখ বিশেষ নজর কাড়ে। নবদম্পতি শুভ্রজিৎ সাহা ও প্রিয়াঙ্কা মিত্র রঙে রঙিন হয়ে নাচে মেতে ওঠেন। আবির উড়িয়ে খোলা চুলে ধরা দেন ইপ্সিতা মুখোপাধ্যায়। এক ফ্রেমে হাসিমুখে দেখা যায় রুকমা রায় ও বাসবদত্তা চট্টোপাধ্যায়।
এদিকে একসঙ্গে ছবি পোস্ট করে চর্চায় উঠে আসেন দিব্যজ্যোতি দত্ত ও দিব্যাণী মণ্ডল। তাঁদের নতুন ছবি রেড ফ্ল্যাগ ভালোবাসা বেশি শিগগিরই মুক্তি পেতে চলেছে, তাই অনেকে মনে করছেন প্রচারের অংশ হিসেবেও এমন মুহূর্ত ধরা পড়েছে। একই অনুষ্ঠানে দেখা যায় অঙ্কিতা মল্লিককেও। গলায় গাঁদার মালা পরে রঙে রাঙা হয়ে হাজির হন রুদ্রজিৎ মুখোপাধ্যায় ও প্রমিতা চক্রবর্তী।
আরও পড়ুনঃ US Embassy Pakistan Cr*isis: পাকিস্তান কি এখন ওয়াশিংটনের নতুন টার্গেট? করাচি রক্ত*ক্ষয়ের পর লাহৌর–করাচি উপদূতাবাস খালি করার নির্দেশ ট্রাম্প প্রশাসনের!
দোলের রঙে গাল রাঙিয়ে ছবি শেয়ার করেন নবনীতা দাস। পরিবারের সঙ্গে বিশেষ মুহূর্তে ধরা দেন ঋদ্ধিমা ঘোষ ও গৌরব চক্রবর্তী, তাঁদের সঙ্গেই ছিল ছোট্ট ধীর। সব মিলিয়ে টলিপাড়ায় দোল মানেই রঙ, ভালোবাসা আর একসঙ্গে থাকার আনন্দ। পর্দার বাইরেও তারকারা যে সাধারণ মানুষের মতোই উৎসব উপভোগ করেন, এই রঙিন দিন তারই প্রমাণ দিল।





