India – pakistan: “আর সংযম নয়”, পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর!

ভারত-পাকিস্তান সম্পর্ক বহু দশক ধরেই উত্তপ্ত। জঙ্গি হামলা, সীমান্ত সংঘর্ষ থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে বিবাদ— সবকিছুই এই দুই দেশের মধ্যে দূরত্ব আরও বাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে সীমান্তের অশান্ত পরিস্থিতি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে দেশবাসীর মধ্যে। এরই মধ্যে সীমান্ত সফরে গিয়ে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

বর্তমানে তিনি বিকানর মিলিটারি স্টেশনে রয়েছেন এবং সেখানকার প্রস্তুতি খতিয়ে দেখেছেন। মরুভূমি ও সীমান্তবর্তী এলাকায় সেনারা কীভাবে কাজ চালাচ্ছেন, তা সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন সেনাপ্রধান। শুধু তাই নয়, জওয়ান থেকে শুরু করে অফিসারদের সঙ্গে কথা বলেছেন এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন। তাঁর মতে, বর্তমান যুদ্ধের ধরণ অনেক বদলেছে, তাই ভারতীয় সেনাকেও প্রযুক্তি নির্ভর হয়ে আধুনিক কৌশল রপ্ত করতে হবে।

এই সফরেই পাকিস্তানকে সতর্কবার্তা দিয়েছেন সেনাপ্রধান। তিনি বলেন, “অপারেশন সিঁদুর ১.০-এর সময় ভারত অনেক সংযম দেখিয়েছিল। কিন্তু সেই সংযম আর থাকবে না। এবার যদি পাকিস্তান রাষ্ট্রীয় মদতে সন্ত্রাস চালিয়ে যায়, তবে এমন কিছু করা হবে যে পাকিস্তানকে ভাবতে হবে তারা আদৌ পৃথিবীর মানচিত্রে থাকতে চাইছে কি না।” সেনাপ্রধানের এই মন্তব্যেই স্পষ্ট হয়েছে, ভারতের অবস্থান এখন থেকে অনেক কঠোর হতে চলেছে।

পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই ভারতীয় সেনা একেবারে ‘হাই অ্যালার্ট মোড’-এ রয়েছে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, পাশাপাশি জঙ্গি দমন অভিযানও চলছে। সেনাপ্রধান জানিয়েছেন, আধুনিক যুদ্ধের জন্য এখন আনম্যানড এরিয়াল সিস্টেম ও কাউন্টার ইউএএস টেকনোলজির দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সব প্রযুক্তি ব্যবহারে যুদ্ধে ভারতের শক্তি বহুগুণ বাড়বে এবং যে কোনও শত্রুর মোকাবিলায় সেনা আরও সক্ষম হবে।

আরও পড়ুনঃ Durga Puja 2025 : “মেয়েকে হারানোর যন্ত্রণা বুকে নিয়েই পুজো পার করেছি”- অনামিকার শোকে দুর্গাপুজোতে নিস্তব্ধ যাদবপুর ছাত্রী পরিবার!

সীমান্ত সফরে দাঁড়িয়েই পাকিস্তানকে শেষবারের মতো হুঁশিয়ারি দেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তাঁর বার্তা ছিল স্পষ্ট— সন্ত্রাসবাদ নিয়ে ভারত এবার কোনওরকম সহনশীলতা দেখাবে না। পাকিস্তান যদি এখনই নিজেদের অবস্থান না বদলায়, তবে ফল ভুগতে হবে। এমনকি, মানচিত্র থেকে তাদের নাম মুছে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেননি সেনাপ্রধান। তাঁর এই বক্তব্যে পাকিস্তান প্রশাসনের অন্দরে নড়াচড়া শুরু হয়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর