Indians Trapped in Iran: ‘প্রস্তুত থাকুন…’ ইরান থেকে যে কোনও মুহূর্তে দেশে ফিরতে পারে আটক ভারতীয়রা, অগ্নিগর্ভ পরিস্থিতিতে তৎপর নয়াদিল্লি!

ইরানের পরিস্থিতি যে মুহূর্তে মুহূর্তে ভয়াবহ দিকে এগোচ্ছে, তা আর অস্বীকার করার জায়গা নেই। টানা বিক্ষোভ, রাস্তায় সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ—সব মিলিয়ে দেশটি কার্যত অচল হয়ে পড়েছে। এই অগ্নিগর্ভ আবহেই ইরানে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশেষ করে পড়ুয়াদের নিয়ে উৎকণ্ঠা চরমে। পরিস্থিতির গতিপ্রকৃতি দেখে নয়াদিল্লিও যে আর ঝুঁকি নিতে রাজি নয়, সেই ইঙ্গিত স্পষ্ট হতে শুরু করেছে।

এই আবহেই জানা যাচ্ছে, ইরানে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সরকারি সূত্রের খবর, শনিবার সকাল থেকেই উদ্ধার প্রক্রিয়া শুরু হতে পারে। প্রথম ধাপে যাঁরা ফিরবেন, তাঁদের তালিকা তৈরির কাজ চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে আকাশপথেই দেশে ফেরানো হবে আটকে থাকা ভারতীয়দের। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তের আগে ইরানের সরকারের আনুষ্ঠানিক অনুমতির অপেক্ষা রয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয়, সেখানে থাকা ভারতীয় পড়ুয়াদের আগামিকাল সকাল ৮টার মধ্যেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। সঙ্গে রাখতে বলা হয়েছে পাসপোর্ট-সহ সমস্ত জরুরি নথিপত্র। সেখানে থাকা পড়ুয়াদের পরিবার সূত্রে জানা যাচ্ছে, দূতাবাসের তরফে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে যে, খুব অল্প সময়ের নোটিসেই দেশ ছাড়তে হতে পারে। ফলে তড়িঘড়ি ব্যাগ গোছানোর কাজ শুরু হয়ে গিয়েছে অনেকেরই।

ইরানের অস্থিরতার পিছনে আন্তর্জাতিক রাজনীতির চাপও যে বড় কারণ, তা স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। তাঁর বক্তব্য, আয়াতোল্লা সরকারের পতন না হওয়া পর্যন্ত চাপ বজায় থাকবে। এই অবস্থায় পরিস্থিতি যে আরও ভয়ংকর দিকে মোড় নিতে পারে, সেই আশঙ্কাই করছে ভারত সরকার। ইতিমধ্যেই ইরানজুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট, বহু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ, যার জেরে পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ রাখতেও সমস্যায় পড়ছে ভারতীয় দূতাবাস।

আরও পড়ুনঃ BLO Death: বিএলও-র রহস্য”মৃত্যু! হুমকির চাপে ভেঙে পড়েছিলেন অশোক? ভাইরাল অডিয়ো ঘিরে রাজনৈতিক তোলপাড়!

এই পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার কেন্দ্রের তরফে একটি কড়া নির্দেশিকা জারি করা হয়। সেখানে ইরানে থাকা সমস্ত ভারতীয়কে যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে যাঁরা ভারতে রয়েছেন, তাঁদের ইরান সফর না করার নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে স্পষ্ট, ইরান নিয়ে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না নয়াদিল্লি। এখন শুধু সময়ের অপেক্ষা—কবে নিরাপদে দেশে ফিরবেন আতঙ্কে দিন কাটানো ভারতীয়রা।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর