ভয়ংকর কাণ্ড মেডিকেল কলেজে! সুপারের অফিসের সামনেই করোনার বর্জ্য ছিঁড়ে খাচ্ছে কুকুর

করোনা নিয়ে সারা দেশ তথা বিশ্ব ত্রস্ত। এমন এক ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হয়ে প্রাণ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। একই সঙ্গে এই রোগে আক্রান্ত হয়ে জীবন দিয়েছেন বহু ডাক্তার ও নার্সেরাও। কিন্তু হাসপাতালেই যদি সুরক্ষিত ব্যবস্থা না থাকে তাহলে রোগী বা চিকিৎসক কেউই এই সুরক্ষিত থাকবেন না। কলকাতা মেডিকেল কলেজেই দেখা মিলল এমনই এক সুরক্ষাহীন দৃশ্যের। সুপারের অফিসের সামনের রাস্তায় আবর্জনার প্যাকেট ছিঁড়ে খাচ্ছে কুকুরের দল। ওই প্যাকেট ছিঁড়ে বেড়িয়ে এসেছে ব্যবহৃত মুখের মাস্ক, ব্যবহৃত গ্লাভস, অক্সিজেনের মাস্ক, খাবাররে উচ্ছিষ্ট। করোনা চিকিৎসার ওয়ার্ডের থেকে বের করে আনা আবর্জনার প্যাকেট এভাবে রাস্তার মাঝে গড়াগড়ি খাচ্ছে খোদ কলকাতা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনেই।

এই দৃশ্য দেখে রীতিমতো ভয় আঁতকে উঠতে হয়। হাসপাতালের মধ্যেই যদি পরিষ্কার রাখা নিয়ে এতটুকু সচেনতা না থাকে, তাহলে তো সংক্রমণের আশঙ্কা হু হু করে বাড়বে। এই বিষয় নিয়ে এক কর্মীকে জিজ্ঞেস করা হলে সে বলে, “এগুলো করোনা ওয়ার্ডের খাবারের উচ্ছিষ্ট আর বায়ো মেডিকেল ওয়েস্ট। এভাবে একাধিক জায়গায় কেন এই প্যাকেটগুলো পড়ে রয়েছে জানিনা। কিন্তু এভাবে পড়ে থাকার তো কথা নয়”। এই কথার মধ্যে দিয়েই উঠে আসে হাসপাতালের অসাবধানতার দিক।

এক চিকিৎসক সুপারের অফিস থেকে বেড়িয়ে গ্রিন বিল্ডিং-এর দিকে যাওয়ার সময় থমকে দাঁড়ান। কুকুরের টানাহেঁচড়া করা আবর্জনার প্যাকেটের দিকে দেখে কর্তৃপক্ষকে ফোন করে নালিশ জানান। বলেন, “কী হচ্ছে এসব? কারা করছেন? ইমিডিয়েট ব্যবস্থা নিন। এবার তো সকলে মরব”।

কিছুদিন আগেই মেডিকেল কলেজের প্রায় ৩৮ জোন চিকিৎসকের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। মেডিকেল কলেজে চিকিৎসক বাড়ন্ত। এই সময় করোনা ওয়ার্ডের আবর্জনা হাসপাতালের চত্বরে এভাবে ছড়াছড়ি হওয়া নিয়ে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে।

RELATED Articles