আইটি কর্মীদের জন্য বড় সুখবর! শীঘ্রই কলকাতায় আসছে ‘ইনফোসিস’, থাকছে বিরাট কর্মসংস্থানের সুযোগ

অবশেষে অপেক্ষার প্রহর গোনা শেষ। এবার খুব তাড়াতাড়ি কলকাতায় আসছে অন্যতম তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। বিরাট কর্মসংস্থানের সুযোগ পাবে এবার বাংলার আইটি কর্মীরা। টুইটার বার্তায় এমন কথাই জানানো হয়েছে খোদ ইনফোসিসের তরফে।

প্রায় বছর দেড়েক আগে রাজারহাটে নিজেদের তথ্যপ্রযুক্তি প্রকল্পের প্রস্তাব দিয়ে ভূমিপুজো করে ইনফোসিস। গতকাল, বুধবার টুইটের মাধ্যমে তারা নিশ্চিত করেছে যে খুব শীঘ্রই কলকাতায় জাঁকিয়ে বসছে তারা। টুইটারে ইনফোসিসের তরফে জানানো হয়েছে, “আমরা কলকাতায় আসছি। খুব তাড়াতাড়ি আমাদের অফিসে স্বাগত জানাব। চাকরির সুযোগের দিকে নজর রাখুন”।

https://twitter.com/Infosys/status/1640963848906629120

সূত্রের খবর, প্রথম পর্যায়ে লগ্নি হতে পারে প্রায় ২০০ কোটি টাকা। প্রায় দশ বছর আগে রাজারহাটে (অ্যাকশন এরিয়া-৩) ৫০ একর জমি পায় ইনফোসিস। কিন্তু তাও কাজ শুরু হয়নি। গত ২-৩ বছর ধরেই ইনফোসিসের কলকাতায় আসার খবর শোনা যাচ্ছিল। তবে ঠিক কবে তারা নিজেদের অফিস খুলছে, তা নিয়ে সেভাবে স্পষ্টভাবে কিছু ঘোষণা করা হয়নি সংস্থার তরফে। তবে এবার কলকাতায় আসার খবর নিজেরাই নিশ্চিত করেছে ইনফোসিস।

দীর্ঘদিন ধরেই রাজ্যে ইনফোসিসের বিনিয়োগ নিয়ে নানান জল্পনা-কল্পনা চলছিল। ওই তথ্যপ্রযুক্তি সংস্থার তরফে জানানো হয়েছিল যে রাজ্যে স্পেশ্যাল ইকোনমিক জোনের তকমা যদি তারা না পায়, তাহলে তারা বাংলায় কোনও বিনিয়োগ করবে না। অন্যদিকে, ইনফোসিসকে স্পেশ্যাল ইকোনমিক জোন বা সেজ তকমা দিতে রাজি ছিল না রাজ্য। তবে এবার সেই জট কেটেছে বলেই মনে করা হচ্ছে।

আরও অন্যান্য খবর