‘অভিষেকের নাম বলতে চাপ দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি’, আদালতে ঢোকার মুখে বিস্ফোরক দাবী নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের

আদালতে পেশ করার সময় এক বিস্ফোরক দাবী করে বসলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। এর আগেও নানান সময় নানান মন্তব্য করেছেন তিনি। এবার তিনি দাবী করলেন, চাপ দিয়ে নেতাদের নাম বলতে নাকি বাধ্য করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনই এক মন্তব্য গতকাল, বুধবার শহিদ মিনারের সভামঞ্চ থেকে করতে শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে হেনস্থার অভিযোগ তুলেছিলেন তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। বলেছিলেন, সারদা মামলায় ধৃত কুণাল ঘোষ ও মদন মিত্রকে নাকি চাপ দেওয়া হয় তাঁর নাম নেওয়ার জন্য।  

আজ, বৃহস্পতিবার জেল হেফাজত শেষে কুন্তল ঘোষকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। আদালতে পেশের সময় বেশ স্বাভাবিকই মনে হচ্ছিল কুন্তলকে। সাংবাদিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন হুগলির প্রাক্তন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে। প্রশ্নের জবাবে বিস্ফোরর দাবী করেন কুন্তল।

অভিষেকের করা মন্তব্য যেন অক্সিজেন জুগিয়েছে কুন্তলকে। তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেওয়া মানে আমাদের বুক চওড়া করা। এজেন্সিরা বিভিন্নভাবে ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে নেতাদের নাম বের করার চেষ্টা করছে”।

দল থেকে বহিষ্কৃত হওয়ার পরও কুন্তল বলেন, “মা মাটি মানুষের আদর্শের দলের লোক। আমরা ওই ধরনের ভয়কে পাত্তা দিই না। আমরা বুক চওড়া করে চলি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেছে। একটা কথা বলতে পারি কেন্দ্রীয় সংস্থা যে ভাবে আমাদের জোর করে নাম বার করার চেষ্টা করছে”।

কাদের নাম বের করার চেষ্টা করছে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে কুন্তল বলেন, “জোর করে নেতাদের নাম বলানোর চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এজেন্সি বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে”। অভিষেকের নামও বলানোর চেষ্টা চলছে কী? এক শব্দে উত্তর দিয়ে কুন্তলের জবাব, “অবশ্যই”।

গতকাল, বুধবার শহিদ মিনারের সভা থেকে অভিষেক কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে তোপ দেগেছিলেন। বলেছিলেন, “ভাইপো এই করেছি, ভাইপো ওই করেছি, তিন বছর হয়ে গেল, এখনও মুখ দিয়ে অভিষেক নামটা বের হয়নি। মদন মিত্রদের বলা হয়েছিল, অভিষেকের নাম নাও ছেড়ে দেব”।

তিনি হুঁশিয়ারিও দেন, “আমার যদি কোথাও যোগসাজশ থাকে, যদি প্রমাণ করতে পারে, তাতে আমি বলে দিলাম, এখানেই মৃত্যু বরণ করব”। অভিষেকের এহেন মন্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কুন্তলের এমন দাবীকে ঘিরে বেশ হইচই পড়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, কুন্তল নতুন কিছুই বলেন নি। অভিষেকের কথাই আওড়াচ্ছেন।

RELATED Articles