অমানবিকতার চূড়ান্ত নিদর্শন রাখল কলকাতা পুলিশ (Kolkata police)। হাসপাতাল চত্বরে দেখা গেল, রেডিয়েশন নেওয়া অসুস্থ, মরণাপন্ন ক্যানসার রোগী পড়ে রয়েছেন গাড়ির ভিতরে।
কিন্তু কেনও? কারণ কাঁটা লাগানো রয়েছে ওই রোগীর গাড়ির চাকায়। আর তাই অসুস্থ ওই রোগীকে নিয়ে বর্ধমানের গ্রামের বাড়িতে ফিরতে পারছে না গাড়ি। অভিযোগ, পুলিশের সামনে রোগীকে দেখিয়েও অনুনয়, বিনয় করেও কোনও কাজ হয়নি।
তবে প্রশ্ন উঠছে মরণাপন্ন ক্যানসার রোগীর (cancer patient) গাড়িতে কেনও কাটা লাগালো কলকাতা পুলিশ? জানা গিয়েছে, ক্যানসার আক্রান্ত ওই রোগীর নাম শান্তিপদ দাস। বয়স ৬৫ বছর। মুখের ক্যানসারে আক্রান্ত বর্ধমানের বাসিন্দা বৃদ্ধ। শয্যাশায়ী। কথা বলতে পারেন না, খেতেও পারেন না। আত্মীয়ের গাড়িতে করে এসএসকেএম-এ এসেছিলেন রেডিয়েশন নিতে। তারপর রোগীকে গাড়িতে তুলতে গিয়েই দেখেন বিপত্তি! গাড়ির চাকায় কাঁটা মারা রয়েছে। কাগজপত্র, টাকাপয়সা জমা দিয়ে তাঁদের ফিরে যেতে হবে।
পরিবারের অভিযোগ, রোগীকে দেখেও অমানবিক আচরণ করছে পুলিশ। আত্মীয় লালু দাস বলেন, “মরণাপন্ন ক্যানসার রোগী। বর্ধমানের গ্রামের বাড়ি থেকে আমরা অনেক কষ্ট করে গাড়ি করে নিয়ে এসেছিলাম। রেডিয়েশন দেওয়া হয়। এরপরই পুলিস এসে বলে, এখানে গাড়ি পার্কিং করা যায় না। টাকা লাগবে। টাকা চায় পুলিস। টাকা দিতে আপত্তি করাতেই, তারপর গাড়িতে কাঁটা লাগিয়ে দিয়ে চলে যান ওই পুলিসকর্মী। আমরা ওই মরণাপন্ন রোগীকে নিয়ে অসহায় হয়ে বসে আছি। ফিরতে পারছি না। খাবারও জোটেনি এখনও।”





