আমাদের বাংলা আজ যা ভাবে ভারত কালকে তাই করে, একথা আমরা বহুদিন ধরে শুনে আসছি। এবার রাজ্যের দুই নামী শিক্ষা প্রতিষ্ঠান সেই কথাই প্রমাণ করল। বাংলাতে যে প্রতিভার কোন অভাব নেই তা ফের প্রমাণ করল কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম দশে ঠাঁই পেয়েছে কলকাতা ও যাদবপুর। এনআইআরএফ তালিকা অনুযায়ী, দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সপ্তম স্থানে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার ‘ইন্ডিয়া র্যাঙ্কিং ২০২০’ (ন্যাশনাল ইন্ডিয়ান র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ) প্রকাশ করেন কেন্দ্রীয় মানব সম্পদ ও উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’। সেই তালিকায় আগের বছরের মতই প্রথম দশে জায়গা করে নিয়েছে রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়।
তবে গত বছরের তুলনায় এবছর তালিকায় একটু হেরফের হয়েছে। আগের বছর যাদবপুরের থেকে এগিয়ে গিয়েছিল কলকাতা। কিন্তু এবছর কলকাতা দুই ধাপ পিছিয়ে গেছে যাদবপুরের থেকে। গত দু’বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয় এই তালিকায় ছিল ষষ্ঠ স্থানে। এবছর র্যাঙ্ক-এ একধাপ এগিয়ে এসেছে যাদবপুর। গতবছর কলকাতা বিশ্ববিদ্যালয় এই তালিকায় ছিল পঞ্চম স্থানে, এবার কলকাতা বিশ্ববিদ্যালয় সপ্তম স্থান অধিকার করেছে এই তালিকায়। যদিও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এই তালিকায় জায়গা পায়নি।
এছাড়া সার্বিকভাবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে আইআইটি খড়গপুর। এবং কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম কুড়ির তালিকাতে রয়েছে।





