পশ্চিমবঙ্গের শিল্পে সোনার দিন ফেরানোর ডাক মোদীর! শিল্পপতিদের বিনিয়োগ করতে অনুরোধ।

আজ পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের শিল্প সম্ভাবনা নিয়ে শিল্পপতিদের সঙ্গে সম্মেলনে বিভিন্ন সমাধান সূত্র দিলেন প্রধানমন্ত্রী। এই এলাকার শিল্পের ব্যপক সম্ভাবনা সম্পর্কে তিনি যথেষ্ট আশাবাদী বলেও জানান। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের ৯৫তম প্লেনারি অধিবেশনে শিল্পপতিদের উদ্দেশ্যে তাঁর আহ্বান, পশ্চিমবঙ্গের উৎপাদন শিল্পে সেই গৌরবময় দিন ফেরাতে হবে।

কংগ্রেস নেতা গোপাল কৃষ্ণ গোখলের ১০০ বছরের পুরনো উক্তিকে স্মরণ করে তিনি বলেন ‘বাংলা যা আজ ভাবে ভারত ভাবে কাল।’ ‘পূর্ব ও উত্তরপূর্ব ভারতে শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। শিল্পপতিদের তা চিনতে হবে। পূর্ব ভারতই সমগ্র ভারতকে শ্রম সরবরাহ করে। কাঁচামালও যায় পূর্ব ভারত থেকে।’

প্রধানমন্ত্রী জানান, ‘কলকাতা ফের গোটা ভারতকে শিল্পোৎপাদনে নেতৃত্ব দিতে পারে। সেজন্য পশ্চিমবঙ্গে উৎপাদনশিল্পের সোনালি দিনের পুনঃজাগরণ ঘটাতে হবে।’

পশ্চিমবঙ্গে পাট শিল্পের বিপুল সম্ভাবনার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শিল্পপতিদের প্রশ্ন করেন, ‘আপনারা এই সুযোগের সদ্ব্যবহার করেছেন কি?’ তিনি আরও জানান পশ্চিমবঙ্গে পাট ও তার আনুসাঙ্গিক শিল্পের বিকাশ ঘটাতে তৎপর কেন্দ্র।

পশ্চিমবঙ্গে উৎপাদনশিল্পে শিল্পপতিদের বিনিয়োগ করতে মোদীর আহ্বানের পিছনে রাজনীতির অঙ্ক মেলাতে বসে গেছেন বিরোধীরা। তাঁদের দাবি, ২০২১-এ বিজেপি বাংলায় ক্ষমতায় আসছে ধরে নিয়েই রাজ্য সম্পর্কে শিল্পপতিদের মধ্যে সদর্থক মনোভাব জাগানোর চেষ্টা করে গেলেন প্রধানমন্ত্রী।

RELATED Articles

Leave a Comment