বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল বনগাঁয়! লঙ্কাকান্ডের হুঁশিয়ারি সাংসদ শান্তনু ঠাকুরের!

উত্তর ২৪ পরগনার বনগাঁয় বিজেপি নেতা ব্যবসায়ীকে মারধরের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠে অঞ্চল।
অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার বিজেপির স্থানীয় শক্তিকেন্দ্রের প্রধান সুতনু দেবনাথকে তাঁর দোকান থেকে টেনে বার করে ব্যাপক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এর পরই বনগাঁ থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। স্থানীয় সাংসদ শান্তনু ঠাকুর হুঁশিয়ারি দেন, ’২৪ ঘণ্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নিলে আগুন জ্বলবে বনগাঁয়।’

বিজেপির দাবি, বৃহস্পতিবার দুপুরে বনগাঁ শহরের বিএসএফ মোড়ের কাছে নিজের দোকানেই ছিলেন স্থানীয় শক্তিকেন্দ্রের প্রধান সুতনুবাবু। সেই সময় জনা কয়েক তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এসে তাঁকে টেনে দোকান থেকে বার করে। এর পর লাঠি-বাঁশ ও রড দিয়ে তাঁকে ব্যাপক মারধর করা হয়। দুষ্কৃতীদের মারে সুতনুবাবুর মাথায় আঘাত লাগে। পায়ের হাড় ভেঙে যায়।

গুরুতর চোট পাওয়া সুতনু দেবনাথকে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

ঘটনার প্রতিবাদে বনগাঁ থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে বিজেপি। পুলিশ বিক্ষোভ তুলতে গেলে উত্তেজনা চরমে ওঠে। এর পর ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় সাংসদ শান্তনু ঠাকুর। তিনি জানান, ‘সুতনুর হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ না করলে আগুন জ্বলবে বনগাঁয়।’

যথারীতি ঘটনার দায় অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দের ফল‌ই সুতনু।

RELATED Articles

Leave a Comment