কলকাতার মুকুটে নয়া পালক! দেশের সেরা ১০ স্কুলের তালিকায় জায়গা পেল যাদবপুর বিদ্যাপীঠ, শিক্ষাক্ষেত্রে বড় সম্মান রাজ্যের

দেশের সেরা ১০ স্কুলের তালিকার মধ্যে জায়গা করে নিল যাদবপুর বিদ্যাপীঠ। ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতার এই স্কুল। কেন্দ্র সরকারের তরফে ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের সেরা স্কুলের তালিকা প্রকাশ করা হয়েছে। তাতেই দেখা গিয়েছে যে ওই তালিকার প্রথমে নাম রয়েছে দিল্লির দু’টি স্কুলের। আর ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছে যাদবপুর বিদ্যাপীঠ।

এই বিষয়ে যাদবপুর বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক তথা শিক্ষাবিদ ডক্টর পরিমল ভট্টাচার্য বলেন, “দেশের শিক্ষাক্ষেত্রে ষষ্ঠ স্থান অধিকার করেছে আমার স্কুল, খুবই ভাল লাগছে। সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, অভিভাবকদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে চাই। আগামীদিনেও যাতে সকলের প্রচেষ্টায় বিদ্যালয় আরও এগিয়ে যায় এবং নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করে, এই কামনা করি”।

কেন্দ্র সরকারের তরফে প্রতি বছরই দেশের সেরা সরকারি স্কুলের তালিকা প্রকাশ করা হয়। চলতি শিক্ষাবর্ষেও তা করা হয়েছে। এই তালিকার প্রথমে রয়েছে দিল্লির দ্বারকার রাজকীয় প্রতিভা বিকাশ বিদ্যালয়। দ্বিতীয় স্থানে রয়েছে যমুনা বিহারের রাজকীয় প্রতিভা বিকাশ বিদ্যালয়।

এই তালিকা প্রকাশের পরই টুইট করে নিজের খুশি জাহির করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টুইটে তিনি লেখেন, “আমার শিক্ষা দফতর নিয়ে আমি গর্বিত। আবারও দিল্লির সরকারি স্কুলগুলি দেশের সেরা সরকারি স্কুলের তালিকায় নাম তুলেছে। সেরা ১০টি স্কুলের মধ্যে ৫টিই দিল্লির স্কুল। এই সাফল্যের জন্য শিক্ষা বিভাগকে অভিনন্দন”।

https://twitter.com/ArvindKejriwal/status/1580032696968916994?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1580032696968916994%7Ctwgr%5E3e4beb7894b19e83a0db207821e92e7900143ceb%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fnews%2Fjadavpur-vidyapith-ranking-in-country%2F

এই তালিকায় দিল্লির দু’টি স্কুলের পরে তৃতীয় স্থানে রয়েছে কেরলের জিভিএইচএসএস স্কুল। চতুর্থ স্থানে মুম্বইয়ের সিফেস মুম্বই পাবলিক স্কুল। পঞ্চম ওড়িশার ওড়িশা আদর্শ বিদ্যালয়।

আর এরপরই ষষ্ঠ স্থানে রয়েছে যাদবপুর বিদ্যাপীঠ। সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে চণ্ডীগড়ের দু’টি স্কুল। নবম স্থানে ফের দিল্লির দু’টি স্কুল ও ভোপালের একটি স্কুল জায়গা করে নিয়েছে। দশম স্থানে রয়েছে দিল্লিরই সূরজমল বিহারের রাজকীয় প্রতিভা বিকাশ বিদ্যালয়।

RELATED Articles