নিভল রাজভবনের আলো, সস্ত্রীক রাজ্যপাল জ্বালালেন মাটির প্রদীপ

দেশজুড়ে করোনা প্রতিরোধে একজোট হয়ে লড়ছে সাধারণ মানুষ। করোনা দেশের প্রায় চার হাজার মানুষের শরীরে আঘাত হেনেছে। এই রাজ্যে সংখ্যাটা ৬৫ ছাড়িয়েছে। দেশজুড়ে মৃত্যু হয়েছে ৮৩ জনের। কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার, করোনার বিরুদ্ধে লড়াই করছে। ২২শে মার্চ করোনার বিরুদ্ধে জনতা কার্ফুর দিন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘন্টা ও থালা বাজিয়ে, করতালির মাধ্যমে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জ্ঞাপনের অনুরোধ জানিয়েছিলেন। মানুষ তাঁর সেই আহ্বানে সাড়া দিয়েছিল। এবার রবিবার রাত ন’টায় মোমবাতি জ্বালিয়ে দেশকে ঐক্যবদ্ধ হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য আহ্বান করেছিলেন প্রধানমন্ত্রী। এইদিন ঘরের সকল আলো নিভিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে ন’মিনিটের জন্য মোমবাতি, প্রদীপ, টর্চ এমনকি মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতে বলেছিলেন মোদী।

সেইমত রবিবার ঠিক রাত ন’টায় নিভল রাজভবনের সমস্ত আলো। রাজ্যপাল জগদীপ ধনখড় সস্ত্রীক জ্বালালেন মাটির প্রদীপ। আলোয় আলোকিত হয়ে উঠল রাজভবনের সিঁড়ি। সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটে দেখা গেল, রাজ্যপাল জগদীপ ধনখড় ও তাঁর স্ত্রী সিঁড়িতে দাঁড়িয়ে প্রদীপ জ্বালাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিলেন তিনি। দেশবাসীর সাথে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হলেন রাজ্যপালও।

RELATED Articles

Leave a Comment