ফের এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল রাতের তিলোত্তমা। ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সাংবাদিক। অন্যজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। নাম ময়ূখ রঞ্জন ঘোষ। তাঁর অবস্থাও বেশ সংকটজনক।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে দক্ষিণ কলকাতার লর্ডসের মোড়ে ঘটে দুর্ঘটনাটি। রাত সাড়ে ৩টের সময় বাইক নিয়ে ফিরছিলেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ও সাংবাদিক সোহম মল্লিক। গাছের সঙ্গে ধাক্কা মারে বাইকটি। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান দু’জন। বাইকটি চালাচ্ছিলেন সোহম। দুর্ঘটনা নজরে আসতেই কয়েকজন সুইগি কর্মী দুই সাংবাদিককে তুলে হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। অন্যজনকে এসএসকেএম-এর আইসিইউতে ভর্তি করা হয়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহমের। ময়ূখকে প্রথমে এসএসকেএম-এ ভর্তি করা হলেও পড়ে তাঁকে মল্লিকবাজারের নিউরো সায়েন্সে ভর্তি করা হয়েছে বলে খবর মিলেছে। মাথায় গুরুতর চোট পেয়েছেন ময়ূখ। তাঁর অবস্থা বেশ সংকটজনক। তাঁর একটা চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, গতকাল রাতে সোহম ময়ূখের বাড়িতে যান। রাতে তাঁর সেখানেই থাকার কথা ছিল। তারপর রাত সাড়ে ১১টা নাগাদ ময়ূখ ও সোহম ইমন
কল্যাণ লাহিড়ী নামের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বাড়িতে যান। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে বলরাম মিষ্টান্ন ভাণ্ডারের সামনে দুর্ঘটনাটি ঘটে। লেক থানার পুলিশের তরফ থেকে জানা গিয়েছে যে ময়ূখের থেকে পাওয়া বয়ান অনুযায়ী তাদের বাইক স্কিড করে সামনের একটি গাছে ধাক্কা মারে। তারপর তাঁর আর কিছু মনে নেই। তবে পুরো ঘটনাটি খতিয়ে দেখছে লেক থানার পুলিশ।
সদ্যই নতুন চাকরিতে যোগ দিয়েছিলেন দুই সাংবাদিকই। সাংবাদিক মহলে ময়ূখ বেশ পরিচিত মুখ। তাঁর লেখার ছোঁয়ায় মুগ্ধ হন জনতা। সোহমও দীর্ঘদিন সাংবাদিকতার পেশায় কাজ করছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক মহলে।





