RG kar Hospital : কে দিল এত টাকা? আরজি কর আন্দোলনের কোটি টাকার ফান্ডে অবশেষে মুখ খুললেন জুনিয়র ডাক্তাররা!

মানুষের প্রাণ বাঁচানোর দায়িত্ব যাঁদের কাঁধে, তাঁরাই যখন রাজপথে নামেন, তখন বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়ানক। আরজি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসকের উপর নারকীয় নির্যাতন ও তাঁর মৃত্যুর পর গোটা চিকিৎসক মহলে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। আর সেখান থেকেই সূচনা হয় এক ঐতিহাসিক আন্দোলনের। দিনের পর দিন, রাতের পর রাত ধরে চলা সেই প্রতিবাদে ছিলেন রাজ্যের নানা প্রান্তের জুনিয়র ডাক্তাররা। কারও হাতে প্ল্যাকার্ড, কারও গলায় প্রতিবাদের আওয়াজ। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন—এই দীর্ঘমেয়াদি আন্দোলন চালানোর জন্য এত টাকা এল কোথা থেকে?

আন্দোলন যত দীর্ঘতর হয়েছে, ততই নানা মহল থেকে উঠেছে কটাক্ষ। একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি শিবির থেকে প্রশ্ন তোলা হয়েছিল—‘কারা এই ফান্ড দিচ্ছে জুনিয়র ডাক্তারদের?’ আবার কোথাও কোথাও এই দাবি পর্যন্ত করা হয় যে, বাইরের কোনও সংগঠন বা রাজনৈতিক শক্তি আন্দোলনকে মদত দিচ্ছে। তবে আন্দোলনকারীরা তখনই জানিয়েছিলেন—‘সময় এলে সব জানাব।’ সেই প্রতিশ্রুতি রাখতেই সামনে এল চমকে দেওয়ার মতো তথ্যভিত্তিক রিপোর্ট।

বুধবার আরজি কর হাসপাতালে গণকনভেনশন করে সামনে আনা হল একাধিক সংগঠনের ফান্ড ও খরচের বিস্তারিত তথ্য। ‘ডব্লিউবিজেডেডিএফ’ জানায়, ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে তারা মোট ২ কোটি ২৬ লক্ষ ১৯ হাজার ১৩ টাকা অনুদান পেয়েছে। খরচ হয়েছে ৩১ লক্ষ ৮৬ হাজার ৩৩৪ টাকা। অনশনমঞ্চ তৈরি, আন্দোলনের সামগ্রী, ওয়েবসাইট তৈরির মতো নানা খাতে খরচ হয়েছে এই অর্থ। সবশেষে তাদের হাতে আছে প্রায় ১ কোটি ৯৪ লক্ষ টাকা।

অন্যদিকে, আরজিকর আরডিএ জানিয়েছে, ১০ অগস্ট থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়কালে তারা অনুদান পেয়েছে ৫৬ লক্ষ ৮৮ হাজার ৪১২ টাকা। খরচ হয়েছে প্রায় ৪৮ লক্ষ ৬১ হাজার টাকা। শুধু ধর্না মঞ্চে খরচ হয়েছে ৬ লক্ষ ২৬ হাজার, স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানের জন্য খরচ ৫ লক্ষ ৮৮ হাজার টাকা। আইনজীবী ফি ও মামলার খরচ বাবদ গেছে ২৫ লক্ষ টাকা। পাশাপাশি, মিছিল ও সমাবেশ, খাবার, যাতায়াত এমনকি নির্যাতিতার স্মৃতিস্তম্ভ তৈরির প্রতিও যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ Murshidabad : বাংলার বাড়ি থাকবে, কিন্তু বাস করবে কে? নিরাপত্তা না থাকলে ফের দুষ্কৃতীদের দখলে জাফরাবাদ!

সবশেষে যখন এমসিকেআরডিএ-র ফান্ডিংয়ের তথ্যও উঠে আসে, দেখা যায়, তারা অনুদান পেয়েছে ৭৫ লক্ষ ১৩ হাজার টাকা, খরচ করেছে ৫৭ লক্ষ ৫ হাজার টাকা। সব মিলিয়ে এই তিনটি সংগঠনের মোট অনুদান ৩ কোটি ৫৮ লক্ষ ২১ হাজার ১৩৫ টাকা এবং মোট খরচ ১ কোটি ৩৭ লক্ষ ৫৩ হাজার ৯৯৮ টাকা। অর্থাৎ এখনও তাঁদের হাতে রয়ে গিয়েছে প্রায় ২ কোটি ২১ লক্ষ টাকা। এতেই প্রমাণিত হয়—এই আন্দোলন কোনও বাইরের মদতে নয়, তৈরি হয়েছিল সমাজের নানা স্তরের মানুষের বিশ্বাস ও সমর্থনে। স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন করেই জুনিয়র ডাক্তাররা বুঝিয়ে দিলেন—তাঁদের প্রতিবাদ কেবল স্লোগানে নয়, নৈতিকতায়ও শক্তিশালী।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles