পুজোর আগেই চাকরি দিতে হবে মোট ১৮৯ জন টেট উত্তীর্ণকে, ফের নতুন করে ১১২ জন টেট উত্তীর্ণকে চাকরির নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

ফের নতুন করে ১১২ জন টেট উত্তীর্ণকে নিয়োগের নির্দেশ দেওয়া হল কলকাতা হাইকোর্টের তরফে। পুজোর আগেই তাদের চাকরি দিতে হবে বলে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাদের নিয়োগ নির্দেশ অনুযায়ী হল কী না, তা আগামী ২৮শে সেপ্টেম্বর খোঁজ নেবেন তিনি। বলে রাখি, এর আগে গত দু’দিনে মোট ৭৭ জন চাকরিপ্রার্থীকে প্রাথমিকে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে।

২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের টেটের পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল। ওই বছরই পরীক্ষা দিয়েছিলেন ১১২ জন পরীক্ষার্থী। কিন্তু ২০১৬ সালে ফল প্রকাশ হলে দেখা যায় তাঁরা টেট পাশ করেননি। স্বাভাবিকভাবেই সেই সময় চাকরি পাননি তাঁরা। ওই পরীক্ষার্থীদের অভিযোগ, পর্ষদের প্রশ্নে ভুল ছিল। ওই ৬ নম্বরের জন্য চাকরি পাননি তাঁরা।

গতকাল, বুধবার এই মামলাতেই ফের নতুন করে ১১২ জনকে নিয়োগের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশ, পুজোর আগে আগামী ২৮শে সেপ্টেম্বরের মধ্যে তাদের চাকরির বন্দোবস্ত করতে হবে। শূন্যপদ সংক্রান্ত সমস্ত তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাবে রাজ্য সরকার। আর সেই ভিত্তিতেই পর্ষদ নিয়োগের সুপারিশ করবে। আদালতের নির্দেশ আদৌ কার্যকর হল কী না, তা আগামী ২৮শে সেপ্টেম্বর জানতে চাইবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।  

বলে রাখি, এর আগে গত সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায় ২৩ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ দেন। আগামী ২৩দিনের মধ্যে ওই ২৩ জনকে নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন তিনি। এও বলেন যে এই মুহূর্তে যদি শূন্যপদ না থাকে, তাহলে তা তৈরি করে তাদের নিয়োগ করতে হবে।

বিচারপতি নির্দেশ দেন যে তাদের নিয়োগ সঠিকভাবে হল কী না, তা আগামী শুনানিতে জানাতে হবে। সোমবারের পর মঙ্গলবারও আরও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল। আর গতকাল বুধবার আরও ১১২ জনকে নিয়োগের ক্ষেত্রে সেই একই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

RELATED Articles