কথা মতোই হল কাজ, আজ, বৃহস্পতিবার সন্ধ্যে ৭টায় ইন্ডিয়া গেটে ‘কর্তব্য পথ’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এর পাশাপাশি নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিও উন্মোচিত হবে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে যে এই কর্তব্য পথের অর্থ হল ক্ষমতার প্রতীককে সরিয়ে সার্বজনীন ও ক্ষমতায়নের প্রতিষ্ঠা করা।
গতকাল, বুধবার এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষ্যে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিটিও উন্মোচন করবেন। বছরের পর বছর ধরে সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ রাজপথ ও এর আশেপাশের এলাকাগুলিতে দর্শকের সংখ্যা বৃদ্ধি হত ব্যাপক পরিমাণে আর এর জেরে পরিকাঠামোর উপর চাপ পড়ত।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এও জানানো হয়েছে যে এখানে পানীয় জল, পাবলিক টয়লেট, পার্কিংয়ের সমস্যা রয়েছে। এছাড়াও অপর্যাপ্ত সাইনবোর্ড, জলের সুবিধাগুলির রক্ষণাবেক্ষণের অভাবও রয়েছে। এই কারণেই স্থাপত্যের ধারাবাহিকতা নিশ্চিত করার কারণেই রাজপথকে ‘কর্তব্য পথ’ হিসেবে তৈরি করা হয়েছে।
জানা যাচ্ছে, এই কর্তব্য পথে থাকবে অতিরিক্ত সবুজ জায়গা, নতুন সুবিধাজনক ব্লক, সংস্কার করা খাল। এছাড়াও, পথচারীদের জন্য থাকবে উন্নত পার্কিং, নতুন আন্ডারপাস, নতুন প্রদর্শনী প্যানেল, রাতের জন্য উন্নত স্ট্রীট লাইট ও আরও অনেক সুবিধা। থাকবে জলের ব্যবস্থা, কঠিন বর্জ্যের জন্য ব্যবস্থা, বৃষ্টির জল সংরক্ষণের জন্য নানান সুবিধা ও ব্যবহৃত জলের পুনর্ব্যবহারের সুবিধাও।
এও জানা গিয়েছে যে চলতি বছর নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে নেতাজির হলোগ্রাম মূর্তিটি যেখানে উন্মোচন করা হয়েছিল, সেখানেই এবার বসেছে নেতাজির গ্রানাইটের মূর্তি। সেই মূর্তিও আজ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।





