‘অভিষেককে দিয়ে তিনমাসের জেল খাটাতে পারি’, খোলাখুলি হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

একাধিকবার বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি সরাসরি অভিযোগ করেছিলেন যে বিচারব্যবস্থার একাংশের জেরেই শেল্টার পাচ্ছে বিজেপি (BJP) গুণ্ডারা। এও ঘটনা নজিরবিহীন। এবার এই প্রসঙ্গে অভিষেককে খোলাখুলি হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)।

গতকাল, সোমবার এক বেসরকারি চ্যানেলে একটি সাক্ষাৎকার দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেখানে অভিষেকের এই মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “আগেও উনি একবার বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করেছিলেন। তখন আমি কলকাতায় ছিলাম না। তখন ছিলাম লাদাখে। ওখানে বসেই ভেবেছিলাম ওঁর বিরুদ্ধে রুল ইস্যু করব। ওঁকে ডেকে পাঠাব। তার পর যা ব্যবস্থা নেওয়ার নেব। কিন্তু কলকাতায় ফিরে দেখি ডিভিশন বেঞ্চে এ ব্যাপারে একটা মামলা হয়েছে। ডিভিশন বেঞ্চ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। কারণ তাঁরা মনে করেছেন এতে তাঁকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে যাবে। কিন্তু আমার মত ভিন্ন”।

শুধু তাই-ই নয়, বিচারপতি আরও বলেন, “উনি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) ক’দিন আগে বিচারব্যবস্থা নিয়ে কিছু বলেছেন। সেই ক্লিপিংস আমি পেয়েছি। উনি আর একবার এ ধরনের কথা বলে দেখুন। উনি জানেন না যে আদালত কী করতে পারে। এই যে অভিযোগ আনছেন উনি, তা কি প্রমাণ করতে পারবেন”।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কথায় সব ব্যাপারে তিনি ভয় পান না। কখনও কখনও ‘টেরর’ অত্যন্ত ভালো বিষয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আমি সঠিক কথা বলতে ভয় পাই না। পরে কী হবে জানি না। আমাকে মেরেও দিতে পারে। কিন্তু আমি যেটা সঠিক সেটা বলে যাব”।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে বিচারব্যবস্থা যে কতটা কঠোর হতে পারে, তা সকলে কল্পনাও করতে পারবেন না। বিচারব্যবস্থার দিকে আঙুল তুললে তিনি যে কঠোরতম পদক্ষেপ নিতে পারেন, এও জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়। আর তা যদি না করা হয়, তাহলে বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাটাই চলে যাবে বলে মনে করেন তিনি।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কথায়, “অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন একদল জজের মাথায় বিজেপির হাত আছে। আমি যদি ডেকে বলি যে প্রমাণ করুন। পারবেন? নইলে মিথ্যে বলার জন্য যান তিন মাস জেলে থাকুন। পরে হয়তো আমায় মেরে দেবেন কিন্তু তাতে আমার কিছু যায় আসে না”।

আরও অন্যান্য খবর