আদালতের নির্দেশ সত্ত্বেও চাকরি দেয়নি পর্ষদ, পর্ষদ সভাপতির বিরুদ্ধে চরম পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আদালত নির্দেশ দেওয়ার পর দু’মাস কেটে গিয়েছে। কিন্তু তাও আদালতের নির্দেশ মানা হয়নি। এখনও চাকরির নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত চাকরিপ্রার্থী। সেই কারণে এবার পর্ষদ সভাপতির বিরুদ্ধে চরম পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কী হুঁশিয়ারি দিলেন বিচারপতি?

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হুঁশিয়ারি, চার ঘণ্টার মধ্যে যদি আদালতের নির্দেশ কার্যকর না করা হয়, তাহলে পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে। আজ, শুক্রবার বিকেল ৩টে ২০ মিনিটের মধ্যে আদালতের এই নির্দেশ কার্যকর করার সময় দেওয়ার হয়েছে পর্ষদ সভাপতিকে।

বিচারপতির এমন নির্দেশের পরই প্রাথমিক শিক্ষা পর্ষদে প্রবল শোরগোল পড়ে গিয়েছে। বিচারপতি যে নির্দেশ দিয়েছিলেন, তা দ্রুত কার্যকর করার তৎপরতা শুরু হয়ে গিয়েছে পর্ষদে।

কী নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

সূত্রের খবর, ২০১৪ সালে টেটে অংশ নেন পল্লব বারিক নামের এক প্রাথমিকের চাকরিপ্রার্থী। পর্ষদ প্রথমে তাঁকে জানায় যে তিনি টেট পাশ করেন নি। আবার গত বছর পর্ষদের তরফে জানানো হয় ওই পরীক্ষার্থী টেট পাশ করেছেন। এরপরই আদালতের দ্বারস্থ হন ওই চাকরিপ্রার্থী। সবদিক বিচার করে গত ২১ সেপ্টেম্বর বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্ষদকে নির্দেশ দেন যে ওই চাকরিপ্রার্থীকে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।

তবে সেই নির্দেশের দু’মাস কেটে গেলেও আদালতের সেই নির্দেশ কার্যকর করেনি পর্ষদ। এদিন এই বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “পর্ষদ ইচ্ছাকৃত ভাবে কেন আদালতের নির্দেশ কার্যকর করেননি। তাই শুক্রবারই নির্দেশ কার্যকর করতে হবে। চার ঘণ্টার মধ্যে আদালতের নির্দেশ না মানলে গৌতম পালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে”। এই বিষয়ে পর্ষদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও অন্যান্য খবর