‘বৃহত্তর ক্ষেত্রে’ পা! পদত্যাগ করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, লোকসভা নির্বাচনের প্রার্থী হচ্ছেন নাকি বিচারপতি? তুঙ্গে জল্পনা

আচমকাই এল বড় খবর। আগামী মঙ্গলবারই ইস্তফা দিচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর তিনি বৃহত্তর ক্ষেত্রে যেতে চলেছেন বলে জানান বিচারপতি। তাহলে কী এবার রাজনীতিতে পা গলাচ্ছেন বিচারপতি। জল্পনা এই মুহূর্তে তুঙ্গে।

আজ, রবিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে  বিচারপতি জানান নিজের ইস্তফা দেওয়ার কথা। তাঁর কথায়, আগামীকাল, সোমবার তাঁর কলকাতা হাইকোর্টে শেষ দিন। যে ক’টি মামলা আপাতত তাঁর হাতে রয়েছে, তা তিনি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন। এরপর মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠাবেন।

এবার কী তবে রাজনীতিতেই যেতে চলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

এহেন প্রশ্নে রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনাই উস্কে দিলেন বিচারপতি। বললেন, “যদি আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিই, তারা যদি আমাকে টিকিট দেয়, আমি বিবেচনা করে দেখব”।

শাসক দলের সমালোচনা বিচারপতির মুখে

বিচারপতির কথায়, পশ্চিমবঙ্গ দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। আদালতের পরিসরের মধ্যে থেকে তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারছেন না। তিনি বলেন, “রাজ্যের দুরবস্থা চলছে। অপমানজনক অধ্যায় চলছে। বাঙালি হিসাবে আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। যারা শাসক হিসাবে দেখা দিয়েছে, তারা রাজ্যের উপকার করতে পারবে বলে মনে হয় না। যদি না কড়া প্রহরা না থাকে। তাই আমি শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে বলব, সঠিক সিদ্ধান্ত নিতে”।

হঠাৎ কেন পদত্যাগের সিদ্ধান্ত?

বিচারপতি জানালেন, “বর্তমান শাসকদলের অনেকে আমাকে চ্যালেঞ্জ করেছিলেন। চ্যালেঞ্জের মাধ্যমে আমাকে যে আহ্বান তাঁরা জানিয়েছেন, সেই আহ্বান আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে”।

প্রসঙ্গত, আগামী আগস্ট মাসে অবসর নেওয়ার কথা ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। তবে আজ, রবিবার তিনি জানালেন যে সময়ের আগেই পদ ছাড়তে চলেছেন তিনি। আগামী মঙ্গলবারই ইস্তফা দিচ্ছেন বিচারপতি। এবার তাঁর লক্ষ্য ‘বৃহত্তর ক্ষেত্র’।

RELATED Articles