খাসতালুক চেতলায় তুমুল বিক্ষোভের মুখে ফিরহাদ, দোষ চাপালেন বিজেপির ঘাড়ে

এবার নিজের এলাকায় ক্ষোভের মুখে পড়লেন কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম। এদিন চেতলায় পুরসভার কর্মীদের কাজ পরিদর্শনে বেরিয়েছিলেন ফিরহাদ। করোনা আতঙ্ককে সরিয়ে রেখে আমফানের ক্ষয়ক্ষতি দেখতে গত ৭ দিন ধরে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন ফিরহাদ। কিন্তু যাদের জন্য দৌড়াচ্ছেন এদিন তাদেরই বিক্ষোভের সামনে পড়লেন তিনি।

চেতলায় একটি কমিউনিটি হলে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হচ্ছে বলে গত কয়েকদিন ধরে গুজব রটছিল। সেখানে কিছু শয্যা ও চিকিৎসা সামগ্রী এনে মজুত করেছিল স্বাস্থ্য দফতর। এর পরই ছড়াতে শুরু করে গুজব। বৃহস্পতিবার ফিরহাদকে সামনে পেয়ে ঘনবসতিপূর্ণ ওই এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করা যাবে না বলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। বিক্ষোভকারীদের দাবি, ওই এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করলে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকে। তাছাড়া মুখ্যমন্ত্রীও ঘনবসতিপূর্ণ এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করা যাবে না বলে জানিয়েছেন।

তখন ফিরহাদ আশ্বাস দেন যে, সরকার জিনিসপত্র এমনিই মজুত করেছে। এখানে কোনো কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হবে না। তার সেই আশ্বাসবাণীতে আশ্বস্ত হয়ে বিক্ষোভকারীরা পিছু হঠে।

এরপরে বিজেপির ঘাড়ে দোষ চাপান পুরো নগরোন্নয়ন মন্ত্রী। তিনি বলেন, এই বিক্ষোভের পেছনে হাত রয়েছে বিজেপির। ওরাই জায়গায় জায়গায় গিয়ে লোক ক্ষ্যাপাচ্ছে। আর কোন কাজ নেই ওদের।

যদিও বিজেপি এই অভিযোগ একেবারেই নস্যাৎ করে দিয়েছে।

আরও অন্যান্য খবর