বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ করা হল একটা ফেসবুক পোস্ট, তাতে ছিল কয়েকটা ছবি। সারা সকাল জুড়ে তারমধ্যে একটি ছবি নিয়ে চলল তোলপাড়। কেন হবেনা তোলপাড়? খোদ স্বরাষ্ট্রমন্ত্রকের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট হল হুইস্কির বোতল ও চিপসের ছবি! ব্যস আর যায় কোথায়! মানুষ তো এই ছবি দেখেই স্ক্রিনশট নিয়ে শেয়ার করতে শুরু করে দিয়েছেন নিজেদের প্রোফাইলে। সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। যদিও পোস্ট করার ৩০ মিনিটের মধ্যেই পোস্টটি মুছে দেওয়া হয়েছে কিন্তু মানুষের কাছে তো প্রমাণ রয়েই গিয়েছে।
Work-from-home এর যে কী জ্বালা তা এবার বুঝতে পারছে স্বরাষ্ট্রমন্ত্রক। বাড়িতে থেকে কাজ। একদিকে ভাল। কর্মীরা ঘরোয়া পরিবেশে থেকে কাজ করতে পারেন। বাসে, ট্রেনে চেপে বা জ্যাম কাটিয়ে অফিসে ঢোকার হুজ্জুতি নেই।
Who’s handling Ministry of Home Affairs Facebook page? Post deleted. pic.twitter.com/3jlr9OjZRt
— Mohammed Zubair (@zoo_bear) May 28, 2020
কিন্তু তার বদলে যে এরকম মাশুল চোকাতে হবে তা বোধহয় ভাবেনি মন্ত্রক। বাড়ির কাজ যেমন অফিসে হয় না, তেমনই অফিসের কাজ বাড়িতে বসে করলে অনেক সময়ই গণ্ডগোল তো হতেই পারে! সেটাই হল।
দুটি হুইস্কির বোতল। যার মধ্যে একটি খালি। আরেকটি একেবারে কানায় কানায় ভর্তি। পাশে সাজানো পেগ। চারপাশে স্ন্যাকস। অর্থাৎ, আসর জমে উঠেছিল যখন ঠিক তখনই ছবিটা তোলা হয়েছিল। সকাল নটা নাগাদ সেই বিতর্কিত ছবি পোস্ট হল। ভুল করে তোলা ছবি প্রোফাইলে থেকে গেল প্রায় ৩০ মিনিট। ততক্ষণে সেই ছবির স্ক্রিনশট দিকে দিকে ছড়িয়ে পড়েছে।
এরপর স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, যিনি এই পেজটি দেখভালের দায়িত্বে রয়েছে তারই ভুল। সেই ব্যক্তি নিজের পেজ ও স্বরাষ্ট্রমন্ত্রকের পেজের মধ্যে গুলিয়ে ফেলেছিলেন। সেই জন্যই এত বড় ভুল হয়েছে।
সাইক্লোন আমফানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলা। দুর্গত এলাকাগুলির ছবি তুলে ধরা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। তার সঙ্গেই পোস্ট করা হয় এই বিতর্কিত ছবি।
এই সুযোগ কি আর সহজে ছাড়ে নেটিজেনরা? একজন লিখলেন, ঠিকই তো আছে। দেশের অর্থনীতি তো টিকে আছে অ্যালকোহল বিক্রির উপরই। এই ছবিতে ভুল কোথায় তবে! আরেকজন লিখলেন, আসলে আমফানে যে ক্ষতি হয়েছে সেটা একমাত্র পূরণ হতে পারে লোকজন বেশি করে অ্যালকোহল সেবন করলে! এটা বলতেই এই ছবি পোস্ট করা হয়েছে।





