১০৮টি প্রদীপ জ্বালিয়ে কলকাতার এই ঘাটে হবে গঙ্গা আরতি, ঘাট সাজিয়ে তুলতে বারাণসী যাচ্ছেন পুর আধিকারিকরা

মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে উত্তরপ্রদেশের বারাণসীর মতো কলকাতায় গঙ্গার ঘাটেও গঙ্গাআরতি হবে। এই নির্দেশ পাওয়ার পরই গঙ্গার একাধিক ঘাট পরিদর্শন করার কাজ শুরু করে দেন মেয়র ফিরহাদ হাকিম এবং পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং। সমস্ত ঘাটের মধ্যে থেকে বেছে নেওয়া হয় বাজেকদমতলা ঘাটকে। শতাব্দীপ্রাচীন এই গঙ্গার ঘাটে আরতি কেমন হবে, তার একটি নকশাও তৈরি করেছেন অভিষেক সিং। সেই নকশা মেনেই গঙ্গা আরতির প্রস্তুতি চলছে।

তবে জানা যাচ্ছে অনুকরণ নয়, হুবহু একেবারে বারাণসীর গঙ্গাঘাটের মতোই আরতি হবে এই ঘাটে। যেন এক চমকে দেখে মনে হয় দশাশ্বমেধ ঘাটেই দাঁড়িয়ে। বাজেকদমতলা ঘাটে গঙ্গা আরতি শুরু করার আগে বারাণসী যাচ্ছেন পারিষদ, পুর কমিশনার-সহ নানান আধিকারিকরা। শেষবারের মতো নকশা মিলিয়ে দেখে নেওয়া হবে যে বারাণসীর ঘাটের মতোই সমস্ত আয়োজন হয়েছে কী না।

জানা গিয়েছে, ইতিমধ্যেই ইস্পাতের বেদি তৈরি হয়ে গিয়েছে। ঘাটে ১৬টি বেদি থাকবে। এই বেদির উপর দাঁড়িয়েই গঙ্গা আরতি করবেন পুরোহিতরা। একদিকে থাকবে গাঁদা ফুলের বিছানা আর অন্যদিকে দর্শকদের বসার ব্যবস্থা। কেউ কেউ যদি যান গঙ্গায় নৌকাবিহার করতে করতেও আরতি দেখতে পারেন। সে ব্যবস্থাও করা রয়েছে। এই ঘাটে আরতির জন্য আধুনিক মানের আলো ব্যবহার করা হবে যা বারাণসীতেও নেই, এমনটাই জানিয়েছেন মেয়র পারিষদ।

জানা গিয়েছে, ঘাটে থাকবে কিছু স্টলও। সেখান থেকে ভক্তরা ঠাকুরের ফুল, ফল, ধূপকাঠি কিনতে পারবেন। বারাণসীতে গিয়েই এই ঘাটে আরতির জন্য প্রথম নকশা তৈরি করা হয়েছে। সেই মতোই কাজ এগোচ্ছে বলে জানা গিয়েছে। ফের মেয়র পারিষদ, পুরসভার আধিকারিকরা যাচ্ছেন বারাণসী। সন্ধ্যেবেলায় আরতির সময় সেখানে কেমন ব্যবস্থা থাকে, তা খতিয়ে দেখা হবে বলে খবর।

পুরসভা সূত্রের খবর, মেয়র পারিষদ তারক সিং ছাড়াও পুর কমিশনার বিনোদ কুমার, পি কে দুয়া (ডিরেক্টর জেনারেল), এবং প্রদীপ সামন্তও যাচ্ছেন বারাণসী। বাজেকদমতলা ঘাটে স্থায়ী নির্মাণ কাজ করা যাবে না। সেদিকটাও নজরে রেখেছে পুরসভা। মেয়র পারিষদ তারক সিং জানিয়েছেন, “আর সাতশো কিলোমিটার পেরিয়ে বারাণসী যাওয়ার প্রয়োজন নেই। এই তিলোত্তমাতেই দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি মানুষকে সম্মোহিত করে দেবে”।

বলে রাখি, গঙ্গা আরতির জন্য নিমতলা ঘাট, মিলেনিয়াম পার্কের ঘাট ও আরও অন্যান্য ঘাট পরিদর্শন করা হয়েছিল। শেষ পর্যন্ত বাজেকদমতলা ঘাটকেই চূড়ান্ত করা হয় গঙ্গা আরতির জন্য। এই গঙ্গা আরতির উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

RELATED Articles